শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইনজুরির হতাশায় অবসর নিলেন জাপানের অধিনায়ক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৯:১১ এএম
জাপানের অধিনায়ক ওয়াতারু এন্দো ।। ফাইল ছবি
expand
জাপানের অধিনায়ক ওয়াতারু এন্দো ।। ফাইল ছবি

বিশ্বকাপের লড়াই যখন শুরু হয়েছে, ঠিক তখনই বড় ধাক্কা খেল জাপান। দলের অধিনায়ক ওয়াতারু এন্দো চোটের কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াড থেকেই ছিটকে গেছেন। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবল থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন লিভারপুলের এই মিডফিল্ডার।

আগামী ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার কথা ছিল জাপানের। তার মাত্র কয়েকদিন আগে অধিনায়কের বিদায়ে দলে তৈরি হয়েছে বড় শূন্যতা। এন্দোর পরিবর্তে বরুসিয়া মনশেনগ্লাডবাখের শুতো মাচিনোকে দলে ডেকেছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ)।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আবেগঘন বার্তায় এন্দো জানান, বিশ্বকাপে খেলতে না পারার হতাশা থাকলেও তাঁর বিশ্বাস, একদিন জাপান বিশ্বকাপ জিতবে। একই সঙ্গে তিনি সমর্থকদের দলের পাশে থাকার আহ্বান জানান।

অবসরের ঘোষণা দিয়ে তিনি আরও জানান, দীর্ঘ চেষ্টার পরও চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। কাতার বিশ্বকাপের পর থেকে দলকে নেতৃত্ব দিতে পারাকে নিজের জন্য গর্বের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

গত ফেব্রুয়ারিতে লিভারপুলের একটি ম্যাচে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে ছিলেন এন্দো। পরে কিছুটা সেরে উঠে আবার অনুশীলনে ফিরলেও যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ক্যাম্পে গিয়ে পুরোনো ব্যথা ফিরে আসে। শেষ পর্যন্ত বিশ্বকাপের থেকে সরে দাঁড়াতে হয়েছে তাকে।

২০১৫ সালে জাতীয় দলে অভিষেকের পর জাপানের হয়ে ৭৩ ম্যাচ খেলেছেন এন্দো, করেছেন ৪ গোল। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে অংশ নেওয়া এই অভিজ্ঞ মিডফিল্ডার কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনের বিপক্ষে ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এবার গ্রুপ ‘এফ’-এ তিউনিসিয়া, সুইডেন ও নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে জাপান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন