বুধবার
২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্সেনালের ‘শাপমোচন’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৮:১২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২২ বছরের অপেক্ষা শেষে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতল আর্সেনাল। মঙ্গলবার (১৯ মে) রাতে ম্যানচেস্টার সিটি বর্নমাউথের বিপক্ষে পয়েন্ট হারানোর পরই নিশ্চিত হয়ে যায় উত্তর লন্ডনের ক্লাবটির শিরোপা। দীর্ঘ সময় ধরে শিরোপার খুব কাছে গিয়েও ব্যর্থ হওয়া দলটি এবার আর সুযোগ হাতছাড়া করেনি। মৌসুমজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স, শক্ত রক্ষণভাগ এবং পরিকল্পিত ফুটবল খেলেই ইংল্যান্ডের সেরা হওয়ার গৌরব ফিরে পেল মিকেল আর্তেতার দল।

শিরোপা দৌড়ে শেষ পর্যন্ত টিকে থাকতে হলে বর্নমাউথের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না ম্যানচেস্টার সিটির। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পেপ গার্দিওলার দল। তবে সুযোগ তৈরি করেও কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না হল্যান্ডরা। উল্টো ম্যাচের ৩৯ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করে বর্নমাউথকে এগিয়ে দেন জুনিয়র ক্রুপি।

গোল হজমের পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে সিটি। দ্বিতীয়ার্ধজুড়ে একের পর এক আক্রমণ চালালেও বর্নমাউথের রক্ষণ ভাঙতে হিমশিম খেতে হয় তাদের। শেষ পর্যন্ত যোগ করা সময়ে আর্লিং হাল্যান্ড গোল করে সমতা ফেরান। কিন্তু জয়ের জন্য প্রয়োজনীয় দ্বিতীয় গোল আর পায়নি স্বাগতিকরা। ম্যাচ ড্র হওয়ায় শিরোপা নিশ্চিত হয়ে যায় আর্সেনালের।

সিটির পয়েন্ট হারানোর খবর ছড়িয়ে পড়তেই লন্ডনে শুরু হয় উৎসব। এমিরেটস স্টেডিয়ামের বাইরে জড়ো হয়ে উদ্‌যাপনে মেতে ওঠেন হাজারো সমর্থক। ক্লাবের পতাকা, গান আর আতশবাজিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। সামাজিক যোগাযোগমাধ্যমেও আনন্দ ভাগাভাগি করেন আর্সেনাল ফুটবলাররা। মিডফিল্ডার ডেক্লান রাইস সতীর্থদের সঙ্গে তোলা ছবি পোস্ট করে লেখেন, ‘আমি আগেই বলেছিলাম, কাজ শেষ।’

এটি আর্সেনালের ইতিহাসে ১৪তম ইংলিশ লিগ শিরোপা। ইংল্যান্ডের শীর্ষ লিগে তাদের চেয়ে বেশি শিরোপা রয়েছে কেবল ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের। সর্বশেষ ২০০৩-০৪ মৌসুমে আর্সেন ওয়েঙ্গারের অধীনে লিগ জিতেছিল আর্সেনাল। সেই মৌসুমে অপরাজিত থেকে শিরোপা জিতে ইতিহাস গড়েছিল দলটি। এরপর বহুবার শিরোপার লড়াইয়ে থাকলেও শেষ পর্যন্ত সফল হতে পারেনি তারা।

২০১৯ সালে দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে দল গড়ে তুলেছেন মিকেল আর্তেতা। শুরুতে সমালোচনার মুখে পড়লেও তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এগিয়েছেন তিনি। গত কয়েক মৌসুমে আর্সেনাল ধারাবাহিকভাবে উন্নতি করেছে।

তবে শিরোপার খুব কাছে গিয়েও হতাশ হতে হয়েছে। বিশেষ করে ২০২৩ ও ২০২৪ মৌসুমে শেষ দিকে এসে ম্যানচেস্টার সিটির কাছে পিছিয়ে পড়ে দলটি। গত মৌসুমে লিভারপুলও তাদের পেছনে ফেলে শিরোপা জেতে।

তবে এবার মৌসুমের শুরু থেকেই ভিন্ন ছন্দে ছিল আর্সেনাল। আক্রমণের পাশাপাশি রক্ষণেও ছিল দৃঢ়তা। ৩৭ ম্যাচে মাত্র ২৬ গোল হজম করেছে তারা, যা লিগে সর্বনিম্ন। গোলরক্ষক ও রক্ষণভাগের সমন্বয় পুরো মৌসুমেই প্রতিপক্ষের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পাশাপাশি ১৯টি ক্লিনশিটও রেখেছে দলটি।

উল্লেখ্য, ২০০৪ সালের পর ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লেস্টার সিটি ও লিভারপুল। দীর্ঘ সময় ধরে সিটি ও লিভারপুলের আধিপত্যের মধ্যে এবার নতুন চ্যাম্পিয়নের দেখা পেল ইংল্যান্ডের ফুটবল। ২০১৭ সালের পর এই প্রথম ম্যানচেস্টার সিটি বা লিভারপুল ছাড়া অন্য কোনো দল প্রিমিয়ার লিগের শিরোপা জিতল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন