বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আনচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা হয়নি যেসব তারকার

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০১:৩৪ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

দীর্ঘ আলোচনা-সমালোচনা আর জল্পনার পর বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার দিনটি যেমন অনেক ফুটবলারের জন্য স্বপ্নপূরণের মুহূর্ত, তেমনি কারো জন্য তা হতাশারও

সোমবার (১৮ মে) বাংলাদেশ সময় দিবাগত রাতে রিও ডি জেনিরোতে ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ঘোষিত স্কোয়াডে নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন যেমন সমর্থকদের উচ্ছ্বসিত করেছে, তেমনি কয়েকজন ফুটবলারের বাদ পড়া তৈরি করেছে বিস্ময়। এদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে চেলসি ফরোয়ার্ড জোয়াও পেদ্রোকে ঘিরে।

বিশ্বকাপের আগেই বড় ধাক্কা খায় ব্রাজিল। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস এসিএল ইনজুরিতে পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যান। একই ধরনের চোটে বিশ্বকাপ হারান ডিফেন্ডার এডার মিলিতাও এবং তরুণ প্রতিভা এস্তেভাও উইলিয়ানও।

তবে ইনজুরির বাইরেও সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে জোয়াও পেদ্রোর বাদ পড়া। চেলসির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর পরও শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তার। চলতি মৌসুমে ১৫ গোল ও ৫ অ্যাসিস্ট করে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি।

আনচেলত্তিও আগের পাঁচ আন্তর্জাতিক উইন্ডোর মধ্যে তিনটিতে তাঁকে দলে রেখেছিলেন। ফলে শেষ মুহূর্তে তাঁর বাদ পড়া অনেককেই বিস্মিত করেছে।

সবশেষ মার্চের ফিফা উইন্ডোতে সুযোগ পাওয়া আরও কয়েকজন ফুটবলারও জায়গা হারিয়েছেন চূড়ান্ত স্কোয়াডে। বাদ পড়াদের তালিকায় আছেন গোলরক্ষক হুগো সুজা ও বেন্তো ম্যাথিউস, ডিফেন্ডার কাইকি, মিডফিল্ডার আন্দ্রে সান্তোস ও গ্যাব্রিয়েল সারা। এছাড়া রিচার্লিসন এবং আন্দ্রে পেরেইরাও জায়গা পাননি বিশ্বকাপ দলে।

মার্চে ইনজুরির কারণে কয়েকজন নিয়মিত ফুটবলার না থাকায় বিকল্প হিসেবে সুযোগ পেয়েছিলেন হুগো সুজা ও কাইকি। অন্যদিকে আনচেলত্তির শুরুর পরিকল্পনায় আন্দ্রে সান্তোসকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছিল। তবে সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় শেষ পর্যন্ত জায়গা ধরে রাখতে পারেননি তিনি।

আক্রমণভাগে প্রতিযোগিতা ছিল সবচেয়ে বেশি। নেইমারের ফেরার পাশাপাশি ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও এন্দ্রিকের মতো তারকারা থাকায় জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। সেই লড়াইয়ে পিছিয়ে পড়েন জোয়াও পেদ্রো।

তবে চমকও রেখেছেন আনচেলত্তি। বোর্নমাউথে খেলা তরুণ ফুটবলার রায়ান এবং ব্রেন্টফোর্ডের ফরোয়ার্ড ইগর থিয়াগো জায়গা করে নিয়েছেন চূড়ান্ত স্কোয়াডে। আনচেলত্তির অধীনে তারা খেলেছেন মাত্র একটি করে ম্যাচ। এছাড়া আগের আন্তর্জাতিক ম্যাচগুলোতে ভালো করা লুইজ হেনরিক ও ম্যাথিউস কুনহাও জায়গা ধরে রেখেছেন।

দল ঘোষণার পর বাদ পড়াদের নিয়ে হতাশার কথাও বলেছেন ব্রাজিল কোচ। আনচেলত্তির মতে, ব্রাজিলের মতো দেশে বিশ্বকাপের জন্য মাত্র ২৬ জন ফুটবলার বেছে নেওয়া সবসময়ই কঠিন। অনেক যোগ্য ফুটবলার সুযোগ না পাওয়ায় তারা হতাশ, সেটি তিনি বুঝতে পারছেন বলেও জানান।

ফিফার নিয়ম অনুযায়ী, উদ্বোধনী ম্যাচের আগে পর্যন্ত ইনজুরির কারণে স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ থাকবে। তবে পরিবর্তিত খেলোয়াড়কে অবশ্যই প্রাথমিক ৫৫ সদস্যের তালিকায় থাকতে হবে। গোলরক্ষকদের ক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে টুর্নামেন্ট চলাকালেও পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup