বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জোড়া গোল করে সমালোচকদের মুখ বন্ধ করলেন নেইমার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ এএম
নেইমারের গোল উদযাপন ।। ছবি: সংগৃহীত
expand
নেইমারের গোল উদযাপন ।। ছবি: সংগৃহীত

সম্প্রতি সময়টা ভালো যাচ্ছিল না ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের। সমালোচনা, চোট আর নানামুখী গুঞ্জনের ভেতর দিয়ে সময় কাঁটছিল তার। এবার সব সমালোচনা, গুঞ্জনের জবাব তিনি দিয়েছেন মাঠে।

নেইমারের নৈপুণ্যে ভাস্কো দা গামাকে ২-১ গোলে হারিয়েছে নেইমারের সান্তোস। ব্রাজিলের শীর্ষ লিগ ব্রাসিলেইরো সিরি আ-তে এটি সান্তোসের মৌসুমের প্রথম জয়। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা এখন তালিকার ১৩তম স্থানে। এদিন সান্তোসের হয়ে দু’টি গোলই করেছেন নেইমার।

ভিলা বেলমিরোয় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সান্তোস। ২৫ মিনিটে ডান দিক থেকে আক্রমণ গড়ে বক্সের ভেতরে বল পেয়ে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন নেইমার। গোলের পর গ্যালারির দিকে ‘চুপ’ থাকার ইশারা করেন তিনি সমালোচকদের উদ্দেশেই যেন বার্তা।

৪৩ মিনিটে সমতা ফেরায় ভাস্কো দা গামা। মাঝমাঠের ভুল থেকে সুযোগ নিয়ে গোলটি আদায় করে তারা। বিরতির পর কিছুটা চাপে পড়ে সান্তোস।

তবে ৬১ মিনিটে আবারও সামনে আসেন নেইমার। বক্সের বাইরে থেকে শুরু করা আক্রমণে সতীর্থের সঙ্গে বল বিনিময় করে ডান পায়ের জোরালো শটে করেন নিজের দ্বিতীয় ও দলের জয়সূচক গোল। শেষ পর্যন্ত এই ব্যবধান আর ঘোচাতে পারেনি ভাস্কো।

দীর্ঘ চোট ও অস্ত্রোপচারের পর এটাই নেইমারের প্রত্যাবর্তনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স। ফেব্রুয়ারির মাঝামাঝি মাঠে ফিরলেও প্রথম দিকে পুরো ম্যাচ খেলার মতো ফিট ছিলেন না।

ভেলো ক্লাবের বিপক্ষে বড় জয়ে একটি সহায়তা করেছিলেন। কিন্তু পরের ম্যাচে নভোরিজোন্তিনোর কাছে হেরে পাউলিস্তা চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নেয় সান্তোস। সেই হারের পর তাকে ঘিরে সমালোচনা আরও জোরালো হয়।

এমনকি ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য পরিকল্পনায় কার্লো আনচেলত্তি তাকে রাখবেন কি না—তা নিয়েও আলোচনা শুরু হয়। তবে দুই গোলেই সমালোচনার জবাব দিলেন এই ফরোয়ার্ড।

ম্যাচ শেষে ব্রাজিলের ক্রীড়া চ্যানেল স্পোরটিভি-কে নেইমার বলেন, ‘গত সপ্তাহে শুনছিলাম, আমি নাকি সবচেয়ে খারাপ খেলোয়াড়। ফুটবল এমনই—একদিন আপনি খারাপ, পরের দিনই নায়ক। আমি পরিশ্রম করছি সেরা ছন্দে ফিরতে।’

শারীরিক অবস্থা নিয়ে তিনি জানান, ‘পুরো ৯০ মিনিট খেলা এখনো চ্যালেঞ্জিং। ম্যাচের শেষ দিকে পেশিতে টান অনুভব করেছেন, তবে সেটিকে স্বাভাবিক প্রক্রিয়ার অংশ বলেই মনে করছেন।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Czechia VS Mexico
32'
0 - 0
World Cup