শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

আনচেলত্তিকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ব্রাজিল 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সম্প্রতি মাঠে সময়টা ভালো যাচ্ছে না ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। সবশেষ কয়েকটি বিশ্বকাপে ভক্তদের রীতিমতো হতাশ করেছে সেলেসাওরা। এর মধ্যে বেশ কয়েকবার কোচ পরিবর্তন করেও মেলেনি ফল। এমন পরিস্থিতিতে কঠিন এক সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

দক্ষিণ আমেরিকার বিভিন্ন ক্রীড়া ভিত্তিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জাতীয় দলের দায়িত্বে থাকা ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে ২০৩০ সাল পর্যন্ত রেখে দেওয়ার পরিকল্পনা করছে দেশটির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

এসব প্রতিবেদনে বলা হয়েছে, ৬৬ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ নতুন চুক্তির প্রস্তাবে মৌখিক সম্মতি দিয়েছেন। আনুষ্ঠানিক সই-সাবুদ শেষ হলেই ২০২৬ বিশ্বকাপের পরও তার অধীনেই পথচলা চালিয়ে যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অর্থাৎ ফলাফলনির্ভর তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘমেয়াদি ধারাবাহিকতাকে প্রাধান্য দিচ্ছে ফেডারেশন।

গত জুনে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নেন আনচেলত্তি। তার সাথে করা চুক্তিতে শুরু থেকেই বিশেষ কিছু শর্ত দিয়েছিল সিবিএফ। পরিবারের সঙ্গে সময় কাটাতে রিও ডি জেনেইরো ও ভ্যাঙ্কুভারের মধ্যে সময় ভাগ করে নেওয়ার সুযোগ। নতুন চুক্তিতেও সেই সুবিধা বহাল থাকছে।

জানা গেছে, নতুন চুক্তি অনুযায়ী তার বার্ষিক পারিশ্রমিক প্রায় আগের মতোই থাকবে, তবে পারফরম্যান্সভিত্তিক বোনাসের পরিমাণ বাড়ানো হয়েছে

এর আগে টানা ব্যর্থতার দায়ে কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করে সিবিএফ। পারফরম্যান্সের পাশাপাশি ড্রেসিংরুমে খেলোয়াড়দের সাথে বোঝাপড়ার অভাবের কারণেই তাকে ঐ সময় দায়িত্ব হারাতে হয়।

এদিকে সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেস মনে করেন, ঘন ঘন পরিবর্তনের বদলে স্থিতিশীলতা সাফল্যের ভিত্তি গড়ে দেয়। তাই ২০২৬ বিশ্বকাপের ফলাফলের ওপর নির্ভর না করে আগেভাগেই ২০৩০ পর্যন্ত পরিকল্পনা সাজানো হচ্ছে।

আগামী জুনে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। ২০০২ সালের পর থেকে অধরা থাকা ষষ্ঠ শিরোপার লক্ষ্য নিয়েই ২০২৬ বিশ্বকাপে নামবে ব্রাজিল। তবে একই সঙ্গে শতবর্ষী ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দল গঠনের নকশাও এখন থেকেই চূড়ান্ত করতে চায় ফেডারেশন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X