শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নৌ পুলিশ কর্মকর্তার মদ্যপ অবস্থায় মাতলামি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পিএম আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম
ছবি: এনপিবি গ্রাফিক্স
expand

নারায়ণগঞ্জের বন্দর ঘাট এলাকায় মধ্যরাতে মদ্যপ অবস্থায় নৌ পুলিশের এক কর্মকর্তার অসংলগ্ন আচরণ ও মাতলামির অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

শনিবার (০৫ সেপ্টেম্বর) নৌ পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুজ্জামান জানান, তিনি নারায়নগঞ্জ নৌপুলিশের এএসআই আব্দুল মান্নান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের দাবি, গত রাতে নারায়ণগঞ্জের বন্দর ঘাট এলাকায় নৌ পুলিশের এএসআই পদমর্যাদার এক কর্মকর্তা অতিরিক্ত মদ্যপানের পর নিয়ন্ত্রণহীন আচরণ শুরু করেন। এ সময় তিনি উপস্থিত সাধারণ মানুষকে উদ্দেশ করে চিৎকার-চেঁচামেচি করেন এবং অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন।

ঘটনার সময় উপস্থিত কয়েকজন তার এমন আচরণের ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে ওই ব্যক্তিকে অসংলগ্নভাবে কথা বলতে এবং নিজেকে পুলিশের কর্মকর্তা হিসেবে পরিচয় দিতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের এমন আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

এদিকে বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নজরে এসেছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট বিভাগ থেকে ঘটনার বিষয়ে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

নৌ পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনপিবি নিউজকে জানান, পারিবারিক কলহের কারণে এএসআই আব্দুল মান্নান নিজের স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডার পরে এরকম ঘটনা ঘটান। তবে তিনি মদ্যপ ছিলেন কি না- এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায় নি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টতার বিষয়টি আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank