

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তামিলনাড়ুর আট ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী নিহত হয়েছেন। ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তিনিও মারা যান।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে কেরালার ত্রিশূর জেলায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরিতে সজোরে ধাক্কা মারে।
পুলিশ জানায়, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ত্রিশূরের কাইপামঙ্গলমের পানাম্বিকুন্নু এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গুরুভায়ুর থেকে কোডুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিল গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিতে পেছন থেকে সজোরে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনার সময় ওই এলাকায় রাস্তার কাজ চলছিল বলেও জানা গেছে। গাড়িতে থাকা আট জনই তামিলনাড়ুর ডিন্ডিগুলের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া ছিলেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির রেজিস্ট্রেশন তামিলনাড়ুর।
লরির সঙ্গে সংঘর্ষে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ভিতরে আটকে পড়েন কয়েকজন। দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ এবং দমকল ও উদ্ধারকারী দলের কর্মীরা। গাড়িতে থাকা সাত জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গাড়ির একাংশ কেটে দুইজনকে উদ্ধার করেন দমকলকর্মীরা। আরও একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ডিন্ডিগুলের ইঞ্জিনিয়ারিং কলেজের এক পড়ুয়ার পরিচয়পত্র উদ্ধার করা হয়। তার ভিত্তিতেই প্রাথমিকভাবে নিহতরা ওই কলেজের পড়ুয়া বলে মনে করা হচ্ছে।
মৃত আট জনের পরিচয় এখনও সম্পূর্ণ জানা যায়নি। তাদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি কী কারণে গাড়িটি লরিতে ধাক্কা মারল, চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন কি না এবং দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


