

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এয়ারবাস বিমান কেনাবেচায় বিপুল অঙ্কের অর্থ ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসার ছেলে ও সংসদ সদস্য নামাল রাজাপাকসে গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ৮ লাখ ডলার ঘুষ গ্রহণের অভিযোগে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট আসাঙ্গা বোদারাগামা ৪০ বছর বয়সী এই প্রভাবশালী রাজনীতিবিদকে আরও তদন্তের জন্য দুই সপ্তাহ আটক রাখার নির্দেশ দিয়েছেন।
এর আগে দুর্নীতি ও ঘুষ সংক্রান্ত তদন্ত কমিশন (সিআইএবিওসি) ২০১৩ সালের বহুল আলোচিত ২.৩ বিলিয়ন ডলারের এয়ারবাস চুক্তি নিয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে সোপর্দ করে।
আদালতে তদন্তকারী সংস্থা জানায়, ইউরোপীয় বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে শ্রীলঙ্কার কর্মকর্তা ও রাজনীতিবিদদের জন্য নির্ধারিত ঘুষের একটি অংশ হিসেবে নামাল ৮ লাখ ডলার গ্রহণ করেছিলেন।
সিঙ্গাপুরের দুটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে রাজাপাকসেকে এই অর্থ স্থানান্তরে সহায়তা করেছিলেন দেশটির এক প্রভাবশালী ব্যবসায়ী।
নামাল রাজাপাকসের আইনজীবী জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন। এর আগে একই এয়ারবাস কেলেঙ্কারিতে গত মে মাসে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকেও জিজ্ঞাসাবাদ করেছিল দুর্নীতি দমন কমিশন। ২০১৬ সালে তৎকালীন সরকার ওই চুক্তি বাতিল করেছিল।
অভিযোগ রয়েছে, ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত মাহিন্দা রাজাপাকসার শাসনকালে ১০টি এয়ারবাস ক্রয়ের মন্ত্রিসভা অনুমোদনের বিনিময়ে প্রায় ১ কোটি ৬০ লাখ ডলার ঘুষ দিতে রাজি হয়েছিল এয়ারবাস।
পরবর্তীতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ তদন্তেও এর প্রমাণ মেলে। তবে শুরু থেকেই সব দুর্নীতির অভিযোগ অস্বীকার করে রাজাপাকসে পরিবার বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।
সূত্র: এনডিটিভি


