শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের নৈপুণ্যে জাফনা কিংসের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৮:৩২ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ক্যামিও, এরপর বল হাতে তিন উইকেট অলরাউন্ড নৈপুণ্যে লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসকে দারুণ এক জয় উপহার দিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার উজ্জ্বল পারফরম্যান্সে ক্যান্ডি রয়্যালসকে ২১ রানে হারিয়েছে জাফনা।

ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২২১ রানের বড় সংগ্রহ গড়ে জাফনা কিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন কামিল মিশারা। মাত্র ১৫ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন চামিন্দু বিক্রমাসিংহে।

সপ্তম ম্যাচে তৃতীয়বার ব্যাটিংয়ের সুযোগ পাওয়া সাকিব ছয় নম্বরে নেমে ১৬ বলে একটি চার ও একটি ছক্কায় অপরাজিত ২২ রান করেন। আরেক বাংলাদেশি তাওহীদ হৃদয়ও ১৬ বলে ২১ রানের কার্যকর ইনিংস খেলেন।

২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ক্যান্ডি রয়্যালস। তবে চতুর্থ ওভারেই বল হাতে আঘাত হানেন সাকিব। ১৫ বলে ৩০ রান করা লাহিরু ইগালাগামাগেকে বোল্ড করে ৪১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি।

এরপর কুশল পেরেরা (১৬) ও অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকেও (২৪) ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি জাফনার হাতে এনে দেন অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনার। বিশেষ করে ১৭তম ওভারে হাসারাঙ্গার বিদায়ের পর ক্যান্ডির জয়ের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়।

শেষ পর্যন্ত ২০০ রানে অলআউট হয়ে ২১ রানের হার মেনে নেয় ক্যান্ডি রয়্যালস।

সাকিব ৪ ওভারে ৪৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন, যা চলতি আসরে তার সেরা বোলিং পারফরম্যান্স। এ নিয়ে এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে তার মোট উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ৮-এ।

ব্যাট হাতে ২২ রানের অপরাজিত ইনিংস এবং বল হাতে ৩ উইকেট-দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স করে ম্যাচসেরা দাবিদারদের একজন হয়ে ওঠেন সাকিব। তার অলরাউন্ড নৈপুণ্যে টুর্নামেন্টে আরেকটি গুরুত্বপূর্ণ জয় তুলে নিল জাফনা কিংস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন