শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির ওপর হামলা নিয়ে নীরবতা ভাঙলেন সামান্তা শারমিন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৩:১৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী ও গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার ঘটনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিবাদ জানালেও নীরব ভূমিকায় দেখা গেছে খোদ দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে। এবার সেই নীরবতার ব্যাখ্যা দিয়েছেন এনসিপির এ নেত্রী।

‘নিজের পরিবারের একজন খুবই অসুস্থ থাকায়’ দলের পাশে থাকতে পারছেন না বলে জানিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ এ যুগ্ম আহ্বায়ক। আল্লাহ সবকিছু ঠিক করে দিলে আবার রাজনীতিতে ফিরে আসবেন বলেও জানান সামান্তা শারমিন।

শুক্রবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন।

দুপুর ১টা ১৮ মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে সামান্তা শারমিন লেখেন, ‘আমার পরিবারের একজন খুবই অসুস্থ। গত ২৮ জুলাই থেকে আমি সার্বক্ষণিক ইন্টারনেটের মধ্যে নেই। এই অবস্থায় আমার সর্বোচ্চ প্রায়োরিটি আমার পরিবারের সুস্থতা।’

‘আমি জানি, দেশে যে পরিস্থিতি চলমান এবং আমার দলের ওপর যে নিগ্রহ, অত্যাচার নেমে এসেছে সেখানে আমার থাকা দরকার; কিন্তু তা আমি পারছি না। উপরন্তু আপনাদের কাছ থেকে সহমর্মিতা ও দোয়া চাই,’ বলেও জানান তিনি।

‘আল্লাহ সবকিছু ঠিক করে দিলে আবার রাজনীতিতে ফিরে আসব’ উল্লেখ করে এনসিপির এ নেত্রী বলেন, ‘তখন সার্বিক পরিস্থিতি সম্বন্ধে আমার মন্তব্য ও করণীয় নির্ধারণ করব। এটুকু মনে করিয়ে দিই, আল্লাহ জুলুমকারীদের অনির্দিষ্টকালের জন্য শক্তিশালী রাখেন না। যে কোনো পরিস্থিতিতে আমি আমার সহযোদ্ধাদের সঙ্গে আছি।’

উল্লেখ্য, ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সম্প্রতি হবিগঞ্জ এবং সিলেটে এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে পরপর হামলার ঘটনা ঘটেছে। এনসিপি নেতাদের অভিযোগ, এই হামলার পেছনে বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন