

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মিশরের মুখোমুখি হওয়ার আগে অনাকাঙ্ক্ষিত ভ্রমণ জটিলতায় পড়েছে আর্জেন্টিনা। বৈরি আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে আটলান্টার উদ্দেশে উড়তে হয়েছে লিওনেল মেসিদের বহনকারী বিমানকে।
মায়ামি থেকে আটলান্টার আকাশপথের যাত্রা সাধারণত প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিটের। নির্ধারিত সূচি অনুযায়ী স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে উড্ডয়নের কথা থাকলেও আবহাওয়াজনিত কারণে ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়। শেষ পর্যন্ত প্রায় ১৫ মিনিটের বেশি দেরিতে যাত্রা শুরু করে আর্জেন্টিনা দলের বিমান।
এই বিলম্বের প্রভাব পড়ে দলের পুরো সফরসূচিতে। আটলান্টায় অবতরণের পর বিমানবন্দর থেকে প্রায় আধ ঘণ্টার বাসযাত্রা শেষে খেলোয়াড়েরা যখন টিম হোটেলে পৌঁছান, তখন স্থানীয় সময় প্রায় মধ্যরাত। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ফুটে ওঠে খেলোয়াড়দের মুখে।
এই পরিস্থিতিতে কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনাতেও পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমবার সকাল সাড়ে ১১টায় দলের অনুশীলনের সূচি থাকলেও খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে সেটি পিছিয়ে দেওয়া বা সংক্ষিপ্ত করার বিষয়টি বিবেচনা করছে কোচিং স্টাফ।
মিশরের বিপক্ষে নকআউট লড়াইয়ের আগে খেলোয়াড়দের শারীরিক সতেজতা ধরে রাখাই এখন আর্জেন্টিনা দলের প্রধান অগ্রাধিকার। তাই অনুশীলনের চেয়ে বিশ্রামকেই বেশি গুরুত্ব দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা।

