

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ইউরোপের শক্তিশালী দল নরওয়ে। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে শুরু হবে এই নকআউট লড়াই। কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করাই দুই দলের মূল লক্ষ্য।
কার্লো আনচেলত্তির ব্রাজিলের সামনে এবার বড় চ্যালেঞ্জ আর্লিং হলান্ডের নেতৃত্বাধীন নরওয়ের সংগঠিত ও শক্তিশালী দল। পাশাপাশি ইতিহাসও চাপ তৈরি করছে সেলেসাওদের জন্য—২০০২ বিশ্বকাপের পর নকআউট পর্বে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে জয় পায়নি ব্রাজিল। সেই পরিসংখ্যান বদলাতে মরিয়া দক্ষিণ আমেরিকার এই পরাশক্তি।
ম্যাচটি ঘিরে বাংলাদেশে ফুটবলপ্রেমীদের আগ্রহও তুঙ্গে। অনেকে রাত জেগে টিভি কিংবা মোবাইল ডিভাইসে সরাসরি খেলা দেখার পরিকল্পনা করছেন। টেলিভিশনের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও ম্যাচটি দেখার সুযোগ থাকছে।
মোবাইলে যেভাবে দেখা যাবে
বাংলাদেশে অনলাইনে বিশ্বকাপের ম্যাচ দেখার অন্যতম মাধ্যম টফি। স্মার্টফোনে টফি অ্যাপ ইনস্টল করে অথবা ওয়েবসাইটে প্রবেশ করে স্পোর্টস বা বিশ্বকাপ বিভাগ থেকে ম্যাচটি দেখা যাবে। তবে কিছু ম্যাচ দেখতে সাবস্ক্রিপশন বা নির্দিষ্ট প্যাকেজ প্রয়োজন হতে পারে। তাই ম্যাচ শুরুর আগেই অ্যাকাউন্টে লগইন করে নেয়া এবং প্রয়োজনীয় প্যাকেজ সক্রিয় আছে কি না নিশ্চিত করা ভালো।
গ্রামীণফোন গ্রাহকদের জন্য মাইজিপি, স্কিটো এবং বায়োস্কোপ+ অ্যাপেও সম্প্রচারের সুবিধা থাকতে পারে। কোন প্ল্যাটফর্মে খেলা দেখা যাবে, তা অপারেটরের চলমান অফার ও সম্প্রচারস্বত্বের ওপর নির্ভর করবে। তাই ম্যাচ শুরুর আগে সংশ্লিষ্ট অ্যাপের স্পোর্টস বা বিশ্বকাপ বিভাগ একবার দেখে নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে।
যা এড়িয়ে চলবেন
অপরিচিত বা অননুমোদিত ওয়েবসাইট থেকে ম্যাচ দেখার চেষ্টা ঝুঁকিপূর্ণ হতে পারে। এসব লিংকে নিম্নমানের সম্প্রচার, অতিরিক্ত বিজ্ঞাপন বা নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে। তাই নিরাপদ অভিজ্ঞতার জন্য অনুমোদিত প্ল্যাটফর্ম ব্যবহার করাই উত্তম।
ব্রাজিলের একাদশ: অ্যালিসন; ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল, মারকিনিয়োস, দানিলো; গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস; রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথেউস কুনিয়া।
নরওয়ের একাদশ: ওরিয়ান নিয়ল্যান্ড; মোলার উলফে, হেগেম, ক্রিস্টোফার আজের, জুলিয়ান রিয়েরসন; প্যাট্রিক বার্গ, সান্দের বের্গে, মার্টিন ওডেগার্ড; আন্তোনিও নুসা, এরলিং হলান্ড ও আলেকজান্ডার সোরলোথ।

