

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে উচ্চতাজনিত শারীরিক সমস্যার প্রভাব কমাতে প্রয়োজনে ভায়াগ্রা ব্যবহারের অনুমতি পেয়েছে ইংল্যান্ড ফুটবল দল। ইউরোপের একাধিক গণমাধ্যমে এমন তথ্য প্রকাশিত হয়েছে। তবে অধিনায়ক হ্যারি কেইনসহ খেলোয়াড়রা ওষুধটি ব্যবহার করবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। প্রয়োজন হলে এটি ব্যবহার করা যাবে।
মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড-মেক্সিকোর ম্যাচ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ২৪০ মিটার উচ্চতায় অবস্থিত এই ভেন্যুতে অক্সিজেনের স্বল্পতা খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা, শ্বাসপ্রশ্বাস এবং সহনশীলতায় প্রভাব ফেলতে পারে। সে কারণেই ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল এবং দলের মেডিকেল স্টাফ সম্ভাব্য বৈজ্ঞানিক সমাধানগুলো বিবেচনায় রেখেছেন।
চিকিৎসাবিজ্ঞানে ভায়াগ্রা উচ্চতাজনিত সমস্যায় ফুসফুসের রক্তচাপ কমাতে সহায়ক হতে পারে বলে জানা যায়। এছাড়া ওষুধটি খেলাধুলায় নিষিদ্ধ নয়। ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (ওয়াডা) নিষিদ্ধ তালিকায় ভায়াগ্রার নাম নেই। ফলে ফিফার নিয়মেও এর ব্যবহারে কোনো বাধা নেই।
তবে সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড দল প্রকাশ্যে উচ্চতা বা পরিবেশ নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেনি। বরং তারা ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত বলেই দাবি করছে। ভায়াগ্রাকে শুধুমাত্র বিকল্প ব্যবস্থা হিসেবে রাখা হয়েছে।
এদিকে শেষ ষোলোর ম্যাচ খেলতে ইতোমধ্যে মেক্সিকোতে পৌঁছেছে ইংল্যান্ড দল। তবে দেশটিতে পৌঁছেই কিছুটা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে হ্যারি কেইনদের। ইংলিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দলের হোটেলের বাইরে বিপুল সংখ্যক মেক্সিকো সমর্থক জড়ো হয়ে ‘মেক্সিকো, মেক্সিকো’ স্লোগান দেন। ভিড়ের মধ্যে থেকে কয়েকজন ইংলিশ ফুটবলারদের উদ্দেশে কটূক্তিও করেন। এ কারণে দলের বাস হোটেলে প্রবেশ করতে কিছুটা সময় লাগে। বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথেও কয়েকটি স্থানে সাময়িক যানজটের সৃষ্টি হয়। তবে কড়া নিরাপত্তার মধ্যেই ইংল্যান্ড দলকে নিরাপদে হোটেলে পৌঁছে দেওয়া হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


