সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে ছুঁলেন এমবাপে, জমে উঠল গোল্ডেন বুটের লড়াই

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৬:৩৭ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে আবারও লিওনেল মেসির পাশে নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপে। প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পেনাল্টি থেকে গোল করে চলতি আসরে নিজের গোলসংখ্যা সাতে নিয়ে গেছেন ফ্রান্সের অধিনায়ক। ফলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি এখন মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে।

রোববার (৫ জুলাই) ভোরে অনুষ্ঠিত ম্যাচের ৭০তম মিনিটে ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে গোল করেন এমবাপে। দেজিরে দুয়ের ওপর ফাউলের পর স্পটকিকের সুযোগ পেয়ে নিখুঁত শটে ফ্রান্সকে ১-০ ব্যবধানে জয় এনে দেন তিনি।

চার বছর আগে কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপে। এবারও সেই পুরস্কারের দৌড়ে শক্ত অবস্থানে রয়েছেন তিনি। গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপে ও মেসির পর রয়েছেন নরওয়ের আরলিং হালান্ড ও ইংল্যান্ডের হ্যারি কেইন, যাদের দুজনেরই গোল পাঁচটি।

টুর্নামেন্ট শেষে একাধিক খেলোয়াড়ের গোলসংখ্যা সমান হলে প্রথমে অ্যাসিস্ট, এরপর মাঠে কম সময় খেলা ফুটবলারকে এগিয়ে রাখা হবে। বর্তমানে অ্যাসিস্টের হিসাবে মেসির চেয়ে এগিয়ে আছেন এমবাপে।

এদিকে, সব বিশ্বকাপ মিলিয়ে নিজের গোলসংখ্যাও ১৯-এ উন্নীত করেছেন এমবাপে। বিশ্বকাপে ১৯ ম্যাচে এটি তার ১৯তম গোল। ফলে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ২০ গোলের মালিক লিওনেল মেসির রেকর্ড স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র একটি গোল।

উল্লেখ্য, মেসি শুক্রবার কেপ ভার্দের বিপক্ষে গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২০-এ উন্নীত করেন। একই সঙ্গে টানা অষ্টম বিশ্বকাপ ম্যাচে গোল করার কীর্তিও গড়েন আর্জেন্টাইন অধিনায়ক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন