শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসা করলেন মেসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৮:২৫ এএম
লিওনেল মেসি
expand
লিওনেল মেসি

বিশ্বকাপে আরেকটি রেকর্ডময় রাত কাটিয়েছেন লিওনেল মেসি। তার গোলেই এগিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে জয় পেলেও প্রতিপক্ষের লড়াকু মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচ শেষে মেসি বলেন, আমরা জানতাম ম্যাচটা অনেক কঠিন হতে যাচ্ছে। এই দলটি (কেপ ভার্দে) স্পেন ও উরুগুয়ের কাছে হারেনি।

আমরা প্রথম গোলটি করতে পেরেছিলাম, ভেবেছিলাম এরপর নিজেদের ছন্দে খেলতে পারব। কিন্তু হয়েছে ঠিক উল্টো। তারা মাঠে নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে।

মেসির মতে, বর্তমান বিশ্ব ফুটবলে কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, নকআউটের লড়াইয়ে কেউ কাউকে কিছু উপহার দেয় না। আমরা সবসময় প্রতিপক্ষকে সম্মান করি। এখন বিশ্ব ফুটবল অনেক বেশি ভারসাম্যপূর্ণ। প্রতিটি ম্যাচই কঠিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্রাম নেওয়া, এই ম্যাচের ইতিবাচক দিকগুলো ধরে রাখা এবং ভুলগুলো শুধরে নেওয়া।

ম্যাচে আর্জেন্টিনার দুর্বলতার কথাও খোলাখুলি স্বীকার করেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।

মেসি বলেন, আমরা ঠিকভাবে প্রেসিং করতে পারছিলাম না। রক্ষণ ও মাঝমাঠের মধ্যে দূরত্ব অনেক বেশি ছিল। সমন্বয়ের কিছু ঘাটতি ছিল এবং তারা যেভাবে শারীরিক শক্তি দিয়ে খেলছিল, তার সঙ্গে তাল মেলাতে আমাদের কষ্ট হচ্ছিল।

রুদ্ধশ্বাস এই ম্যাচে প্রথমে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। পরে কেপ ভার্দে সমতায় ফিরলেও অতিরিক্ত সময়ে আবার এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।

আফ্রিকার দলটি দ্বিতীয়বারও সমতা ফেরায়। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ডিনে বোর্জেসের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

কেপ ভার্দের প্রশংসা করে মেসি আরও বলেন, এই দলটি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে জানে। আজ আমরা সেট-পিস থেকে গুরুত্বপূর্ণ গোল পেয়েছি, যা এই টুর্নামেন্টে আগে হয়নি। আমাদের দলে ভালো হেডার আছে এবং আমরা সেই সুযোগ কাজে লাগাতে পেরেছি। এমন টুর্নামেন্টে টিকে থাকতে সুযোগের সঠিক ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।

এই জয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শেষ আটে ওঠার লড়াইয়ে আগামী মঙ্গলবার মিশরের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা। মিশর শেষ বত্রিশে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটের পরের ধাপে জায়গা করে নিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Canada VS Morocco
Scheduled
04 Jul, 11:00 PM
VS
World Cup