শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা দল শেষ পর্যন্ত লড়ে যায় এবং তারা কখনই হাল ছাড়ে না: স্কালোনি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৮:১২ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

কেপ ভার্দের বিপক্ষে ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে জয় পাওয়ার পর নিজের দলের লড়াকু মানসিকতার প্রশংসা করে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

তার ভাষায়, আর্জেন্টিনা দল শেষ পর্যন্ত লড়ে যায় এবং তারা কখনই হাল ছাড়ে না।

ম্যাচের দীর্ঘ সময়জুড়ে মনে হচ্ছিল, ফিফা র‍্যাঙ্কিংয়ের ৬৭তম দল কেপ ভার্দের কাছে অঘটনের শিকার হতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে আফ্রিকার দলটি দুইবার সমতায় ফিরলেও শেষ পর্যন্ত অভিজ্ঞতার জোরে জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, এটি ছিল অত্যন্ত কঠিন একটি ম্যাচ। তবে ইতিবাচক দিক হলো, এই দল কখনোই আশা ছাড়ে না। তারা শেষ পর্যন্ত লড়ে যায় এবং কখনোই হাল ছাড়ে না। প্রতিপক্ষ কেপ ভার্দের প্রশংসা করতেও ভোলেননি আর্জেন্টাইন কোচ।

তিনি বলেন, আমি আমাদের প্রতিপক্ষকে অভিনন্দন জানাই। মানুষ যখন বলে কোনো প্রতিপক্ষই সহজ নয়, আজ তারা সেটিই প্রমাণ করেছে। তারা সত্যিই একটি বড় দলের মতো খেলেছে।

এই ম্যাচটি ছিল আর্জেন্টিনার দায়িত্বে স্কালোনির ১০০তম ম্যাচ। জয় দিয়ে মাইলফলক স্পর্শ করতে পেরে স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, “কোচ হিসেবে আমার ১০০তম ম্যাচে হেরে যাওয়াটা খুবই কষ্টের হতো। কিন্তু ফুটবল এমনই অনিশ্চিত।”

নিজের খেলোয়াড়দের মানসিক দৃঢ়তার প্রশংসা করে স্কালোনি আরও বলেন, এটাই আর্জেন্টিনা। যারা বিষয়টি বোঝেন না, তাদের জন্য এটি বোঝা কঠিন। কিন্তু আমরা আর্জেন্টাইনরা জানি, এই জার্সি গায়ে খেলা মোটেও সহজ নয়।

পুরো ম্যাচজুড়ে কেপ ভার্দে আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ফুটবল খেলেছে। দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষার মুখে ফেলে আফ্রিকার প্রতিনিধিরা। তবে অতিরিক্ত সময়ের শেষদিকে ক্রিস্টিয়ান রোমেরোর জয়সূচক গোলে নাটকীয় জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা।

এখন কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে লিওনেল মেসিদের প্রতিপক্ষ হবে মিশর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Canada VS Morocco
Scheduled
04 Jul, 11:00 PM
VS
World Cup