

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্রে সম্ভাব্য ঝড়ের কারণে বিশ্বকাপের শেষ ষোলোর সূচিতে পরিবর্তন আসতে পারে। এর প্রভাব পড়তে পারে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচেও।
সবকিছু ঠিক থাকলেও নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে মাঠে নামতে হতে পারে দুই দলকে।
এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ফিফা। তবে ব্রাজিল ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র জানিয়েছেন, ব্রাজিল-নরওয়ে ম্যাচের শুরুর সময় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
বর্তমান সূচি অনুযায়ী, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ও নরওয়ের।
তবে এখন পর্যন্ত ওই অঞ্চলে ঝড় বা ভারী বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। সম্ভাব্য সূচি পরিবর্তনের কারণ মূলত ইংল্যান্ড ও মেক্সিকোর শেষ ষোলোর ম্যাচ।
জানা গেছে, ঝড়ের আশঙ্কায় ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচটি ছয় ঘণ্টা এগিয়ে আনার বিষয়টি বিবেচনা করছে ফিফা। যদি সেই সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে একই সময়ে দুটি বড় ম্যাচের সম্প্রচার ও পরিচালনাগত বিষয় বিবেচনায় ব্রাজিল-নরওয়ে ম্যাচও ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হতে পারে।
বর্তমান সূচি অনুযায়ী, ইংল্যান্ড ও মেক্সিকোর ম্যাচটি বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় হওয়ার কথা। তবে সেটি ছয় ঘণ্টা এগিয়ে এলে রবিবার রাত ১২টায় অনুষ্ঠিত হবে।
সে ক্ষেত্রে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে আরেকটি শেষ ষোলোর ম্যাচ আয়োজন না করে ব্রাজিল-নরওয়ে ম্যাচটি রাত ২টা ৩০ মিনিট অথবা রাত ৩টায় শুরু করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
এ বিষয়ে নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে ব্রাজিল ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র বলেন, সূচিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। আমরা এখন ফিফার চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
তবে ফিফা আনুষ্ঠানিকভাবে নতুন সূচি ঘোষণা না দেওয়া পর্যন্ত ব্রাজিল-নরওয়ে ম্যাচের নির্ধারিত সময়ই বহাল থাকবে।


