

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে আলোচনায় থাকা কেপ ভার্দে এবার মাঠের বাইরের এক বিতর্কে শিরোনাম হয়েছে। দলটির অধিনায়ক রায়ান মেন্ডেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত করছে নিউজিল্যান্ড পুলিশ। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও।
তবে এখন পর্যন্ত মেন্ডেসের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি। আদালতও তাকে দোষী সাব্যস্ত করেননি।
যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, গত মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ফিফা সিরিজ চলাকালে ঘটে যাওয়া একটি ঘটনার তদন্তের মুখে রয়েছেন ৩৬ বছর বয়সী এই ফুটবলার। সে সময় কেপ ভার্দে চিলি ও ফিনল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল। দুটি ম্যাচেই অধিনায়কের দায়িত্ব পালন করেন মেন্ডেস।
প্রতিবেদন অনুযায়ী, কেপ ভার্দে দলের অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করা এক ব্রাজিলীয় নারী অভিযোগ করেছেন, অকল্যান্ডে দলের হোটেলে একটি সামাজিক অনুষ্ঠান শেষে নিজের কক্ষে ফেরার পর সেখানে প্রবেশ করেন মেন্ডেস। অভিযোগকারীর আইনজীবীদের দাবি, তিনি জোর করে চুম্বনের চেষ্টা করেন। বাধা দিলে শারীরিকভাবে আক্রমণ করেন এবং পরে ধর্ষণ করেন।
অভিযোগকারীর আইনজীবীরা জানিয়েছেন, ঘটনার পর তিনি শরীরের আঘাতের ছবি সংরক্ষণ করেন। পরে ব্রাজিলে ফিরে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং ১ এপ্রিল চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করান।
তাদের দাবি, ঘটনার পর নিউজিল্যান্ড ফুটবল, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এবং কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করা হলেও কার্যকর কোনো সাড়া পাওয়া যায়নি। অভিযোগকারী এখনো মানসিক ট্রমার মধ্যে রয়েছেন বলেও তারা উল্লেখ করেছেন।
এদিকে নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, দেশটির পুলিশ তদন্ত চলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি।
ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ফুটবলে যেকোনো ধরনের অসদাচরণের অভিযোগ তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এ ধরনের অভিযোগ জানানোর জন্য সংস্থাটির নির্ধারিত প্রক্রিয়া রয়েছে এবং তারা নিউজিল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে তদন্ত চলমান থাকায় এ বিষয়ে অতিরিক্ত মন্তব্য করতে চায়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
অন্যদিকে কেপ ভার্দে ফুটবল ফেডারেশন, মেন্ডেসের ম্যানেজার এবং তার এজেন্টের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তারা কোনো মন্তব্য করেননি।
বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও বিষয়টি আলোচনায় আসে। তবে কেপ ভার্দের সংবাদ কর্মকর্তা শুরুতেই জানান, দলের কোচ পেদ্রো লেইতাও ব্রিতো কেবল ম্যাচসংক্রান্ত প্রশ্নের উত্তর দেবেন। এরপরও অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে কোনো জবাব দেওয়া হয়নি। পরে ফিফার এক কর্মকর্তা সাংবাদিকদের শুধু ম্যাচসংক্রান্ত প্রশ্ন করার অনুরোধ জানান।
অভিযোগ প্রকাশ্যে এলেও মেন্ডেসকে দলের অনুশীলনে দেখা গেছে। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত দলের প্রস্তুতিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
রায়ান মেন্ডেস কেপ ভার্দের ইতিহাসের অন্যতম সফল ফুটবলার। জাতীয় দলের হয়ে ১০০টি ম্যাচ খেলে তিনি দেশটির সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। একই সঙ্গে তিনি জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও। বর্তমানে তিনি তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইগদির এফকের হয়ে খেলছেন।
প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই নকআউট পর্বে জায়গা করে নেওয়া কেপ ভার্দে শুক্রবার দিবাগত রাতে শেষ ৩২-এর ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে।
উল্লেখ্য, রায়ান মেন্ডেসের বিরুদ্ধে তদন্ত চলমান। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়নি এবং আদালতও তাকে দোষী সাব্যস্ত করেননি। অভিযোগগুলোর সত্যতা সম্পর্কে এখনো কোনো চূড়ান্ত আইনি সিদ্ধান্ত হয়নি।


