

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বেলজিয়ামের ইউরি টিয়েলসম্যান সেনেগালের ডিবক্সের মধ্যে একটি ক্রস নিয়ন্ত্রণে নিতে যান। কিন্তু সেনেগালের লামিনে কামারার চ্যালেঞ্জে মাটিতে পড়ে যান। রেফারি সাইদ মার্টিনেজ সঙ্গে সঙ্গে কোনো প্রতিক্রিয়া দেখাননি। বেলজিয়ামের পেনাল্টির আবেদনও উপেক্ষা করেন।
কিন্তু বল মাঠের বাইরে চলে যাওয়ার পর ঘটনাটি খতিয়ে দেখতে শুরু করেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। ম্যাচ তখন গড়াচ্ছিল ১২০ মিনিটে। ভিএআরের পরামর্শে রেফারি মার্তিনেজ যখন মনিটর দেখতে মাঠের পাশে যান, তখনই সিদ্ধান্ত বদলানোর ব্যাপারে নিশ্চিত হয়ে যান টিলেমান্স। এতটাই নিশ্চিত ছিলেন যে পেনাল্টি স্পটের পাশে গিয়ে দাঁড়িয়েও পড়েন। বেশ কয়েকবার রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
সিদ্ধান্তটি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না সেনেগালের খেলোয়াড়েরা। ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। ঘটনাটি ফিরিয়ে আনছিল গত জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) ফাইনালের স্মৃতি। সেবারও ম্যাচের শেষ দিকে এমন এক বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্তে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সেনেগালের খেলোয়াড়েরা। পরবর্তী সময়ে সেই ঘটনার জের ধরেই সেনেগালের জেতা আফকন শিরোপাটি কেড়ে নিয়ে প্রতিপক্ষ মরক্কোকে বিজয়ী ঘোষণা করা হয়।
সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে এই ম্যাচে পরিস্থিতি অবশ্য বেশ দৃষ্টিকটু রূপ নিয়েছিল। বেলজিয়ামের দিয়েগো মোরেইরার সামান্য ধাক্কায় আঘাত পেয়ে ঠিক পেনাল্টি স্পটের ওপরই শুয়ে পড়েন সেনেগাল মিডফিল্ডার পাথে সিস। উদ্দেশ্যটা যে সময় নষ্ট করা, তা বোঝাই যাচ্ছিল। ফাউলের বাঁশি থেকে পেনাল্টি শট নেওয়া পর্যন্ত মাঝের সময়ে পার হয়ে যায় সাত মিনিটের বেশি।
পেনাল্টি থেকে টিলেমান্সের গোলেই শেষ পর্যন্ত সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে বেলজিয়াম।
প্রশ্ন উঠেছে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে। ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিলের মতে, পেনাল্টির সিদ্ধান্তটি সঠিক ছিল না। আয়ারল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রয় কিন বলেন, ‘পেনাল্টির সিদ্ধান্তটা একটু বেশিই কঠোর হয়ে গেছে, আর রেফারিও মনিটর দেখতে বেশি সময় নিয়েছেন। রেফারির সিদ্ধান্তে একটা দৃঢ়তা থাকা উচিত, অথচ তিনি দীর্ঘ সময় ধরে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন।’
সেনেগালের কোচ পাপে থিয়াও ম্যাচ শেষে বলেন, ‘আমাদের মনে হয়েছিল, ওটা কোনোভাবেই পেনাল্টি ছিল না। খেলোয়াড়েরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে চেয়েছে, এটা তাদের অধিকার।’ থিয়াও যোগ করেন, ‘এরপর পেনাল্টি শটটি নেওয়া হলো আর এ কারণেই আমরা টুর্নামেন্ট থেকে বিদায় নিলাম।’
ম্যাচে ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে যাওয়া প্রসঙ্গে থিয়াও বলেন, ‘ম্যাচটি আমাদের মুঠোতেই ছিল। কিন্তু ফুটবল ম্যাচ তো আর ৮৫ মিনিটের হয় না। বেলজিয়াম ম্যাচে ফিরে এসেছে আর আমরা চাপটা সামাল দিতে পারিনি।’


