সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাবে কেপ ভার্দে’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০১:১২ পিএম আপডেট : ০১ জুলাই ২০২৬, ০২:০৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী কেপ ভার্দে। দলটির সবচেয়ে বড় সমর্থকদের একজন, দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেসও বিশ্বাস করেন, শক্তির বিচারে পিছিয়ে থাকলেও চমক দেখিয়ে ইতিহাস গড়তে পারে তার দেশ।

প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের মূল পর্বে অংশ নিয়েই নকআউটে জায়গা করে নিয়েছে আফ্রিকার ছোট্ট দেশটি। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে রাউন্ড অব ৩২ নিশ্চিত করে কেপ ভার্দে।

অন্যদিকে, টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্বে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানকে হারিয়ে শতভাগ জয় নিয়ে নকআউটে উঠেছে লিওনেল মেসির দল। তিন ম্যাচে আর্জেন্টিনার আট গোলের মধ্যে ছয়টিই এসেছে মেসির পা থেকে।

তবু শক্তির এই ব্যবধানকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না প্রেসিডেন্ট নেভেস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার বিশ্বাস কেপ ভার্দে ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারানোর সামর্থ্য রাখে।

তিনি বলেন, দলটি জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। প্রত্যাশা কম থাকলেও যদি বিশ্বাস ও লড়াইয়ের মানসিকতা থাকে, তাহলে বড় দলগুলোকেও চ্যালেঞ্জ জানানো সম্ভব।

নেভেসের মতে, ছোট দেশগুলোর সবসময় নিজেদের সামর্থ্যের চেয়ে বেশি কিছু করার চেষ্টা করা উচিত। তার বিশ্বাস, কেপ ভার্দের খেলোয়াড়দের সেই মানসিকতা রয়েছে এবং তারা আর্জেন্টিনার বিপক্ষেও নিজেদের সেরাটা উজাড় করে দেবে।

বিশ্বকাপে অংশ নেওয়ার লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে নিজেদের প্রমাণ করতেই তারা এই মঞ্চে এসেছে। তাই আর্জেন্টিনা কিংবা লিওনেল মেসির উপস্থিতি তাদের লক্ষ্য বদলে দিচ্ছে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন