

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ মানেই শেষ বাঁশির পর লিওনেল মেসির জার্সির জন্য প্রতিপক্ষ খেলোয়াড়দের আগ্রহ। তবে সেই চেনা দৃশ্যের ব্যতিক্রম ঘটালেন কেপ ভার্দের তরুণ ডিফেন্ডার লোপেস কাবরাল।
তিনি জানিয়ে দিয়েছেন, ম্যাচ শেষে মেসির নয়, আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির জার্সিই সংগ্রহ করতে চান।
বাংলাদেশ সময় আগামী শনিবার বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা কেপ ভার্দে। ম্যাচের আগে স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের ইচ্ছার কথা জানান ২৩ বছর বয়সী এই ফুলব্যাক।
মেসির জার্সি নেবেন কি না-এমন প্রশ্নের জবাবে হেসে কাবরাল বলেন, মেসি? না, না। আমি জার্সি বদল করব ওতামেন্দির সঙ্গে। এই মৌসুমের আগ পর্যন্ত তিনি আমার সতীর্থ ছিলেন।
কাবরালের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ব্যক্তিগত সম্পর্ক। গত মৌসুমে পর্তুগিজ ক্লাব বেনফিকায় নিকোলাস ওতামেন্দির সঙ্গে খেলেছেন তিনি।
বিশ্বকাপের আগে কাবরাল তুরস্কের ক্লাব ত্রাবজোনস্পোরে যোগ দিলেও ওতামেন্দি বেনফিকা ছেড়ে বর্তমানে নতুন ক্লাবের অপেক্ষায় রয়েছেন। তাকে ঘিরে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটে যোগ দেওয়ার গুঞ্জনও রয়েছে।
তবে ওতামেন্দির জার্সির প্রতি আগ্রহ থাকলেও ফুটবলের অন্যতম সেরা তারকা মেসির প্রতি শ্রদ্ধার কমতি নেই কাবরালের।
তিনি বলেন, মেসির বিপক্ষে খেলাটা যেকোনো ফুটবলারের জন্য দারুণ সম্মানের। তিনি সর্বকালের সেরা। তবে মাঠে আমরা নিজেদের খেলাতেই মনোযোগ দিতে চাই। কীভাবে ম্যাচটা জেতা যায়, সেটাই এখন আমাদের ভাবনা।
ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে কেপ ভার্দে। কঠিন গ্রুপে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে তিনটি ম্যাচেই ড্র করে চমক দেখিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি। এবার তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।


