রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোল খেয়ে ‘অভিশাপ’ কাটাল আর্জেন্টিনা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০২:১৩ পিএম আপডেট : ২৮ জুন ২০২৬, ০২:১৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ইতিহাসে দীর্ঘদিনের এক অদ্ভুত ‘অভিশাপ’ থেকে যেন মুক্তি পেল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। জর্ডানের বিপক্ষে জয় পেলেও ম্যাচটি এখন আলোচনায় অন্য এক কারণে—গোল হজম করে পুরোনো পরিসংখ্যান বদলে দিয়েছে আলবিসেলেস্তেরা।

গ্রুপপর্বে দুর্দান্ত ছন্দে ছিল আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করে তারা। পরের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে আগেভাগেই নিশ্চিত করে গ্রুপ ‘জে’র শীর্ষস্থান ও নকআউট পর্বে জায়গা। ফলে জর্ডানের বিপক্ষে ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতা মাত্র।

তবে এই ম্যাচেই সামনে আসে গুরুত্বপূর্ণ এক পরিসংখ্যান। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত কোনো দল গ্রুপপর্বে একটিও গোল না খেয়ে শেষ করলে শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি। জর্ডানের ম্যাচের আগে পর্যন্ত এবারের আসরে একমাত্র গোলহীন রক্ষণ ছিল আর্জেন্টিনার।

দ্বিতীয়ার্ধের শুরুতে সেই পরিসংখ্যান বদলে দেন জর্ডানের ফরোয়ার্ড মুসা আল-তামারি। বদলি হিসেবে নেমে দারুণ এক গোল করে ব্যবধান কমান তিনি। এটিই ছিল এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম হজম করা গোল। এর আগে আলজেরিয়ার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছিল।

ফলে গোল খাওয়ার মধ্য দিয়েই যেন ‘স্বস্তি’ পেয়েছে আর্জেন্টিনা। কারণ ইতিহাস বলছে, গ্রুপপর্বে গোল না খাওয়া দলগুলোর শিরোপা জয়ের রেকর্ড নেই। সেই দিক থেকে এবার আর্জেন্টিনা নিজেদের পথ কিছুটা ‘খোলা’ রাখল বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

এদিকে আর্জেন্টিনাকে ঘিরে আরেকটি কুসংস্কারও রয়েছে—ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল হিসেবে কোনো দেশ কখনো বিশ্বকাপ জিততে পারেনি। এবারের আসরে সেই এক নম্বর দল হিসেবেই খেলছে আর্জেন্টিনা। এখন দেখার বিষয়, একের পর এক পরিসংখ্যান ভেঙে শেষ পর্যন্ত শিরোপা জিততে পারে কি না লিওনেল মেসির দল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
South Africa VS Canada
Scheduled
29 Jun, 01:00 AM
VS
World Cup