

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলমান বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের নানা রাজনৈতিক বিতর্ক ও প্রতিকূল পরিস্থিতির কারণেও ব্যাপক আলোচনায় রয়েছে ইরান জাতীয় ফুটবল দল।
টুর্নামেন্টের শুরু থেকেই ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞা, বৈষম্যমূলক আচরণ এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে হয়েছে ইরানের খেলোয়াড় ও কর্মকর্তাদের। এসব কারণে দলটির ওপর বাড়তি চাপ তৈরি হলেও কঠিন সময়ে তাদের প্রতি সংহতি প্রকাশ করেছেন স্থানীয় মেক্সিকান ফুটবলপ্রেমীরা।
মেক্সিকোর তিজুয়ানা শহরে অবস্থানকালে ইরান দলের প্রতি সমর্থন জানিয়ে একটি আবেগঘন চিঠি লেখেন দুই মেক্সিকান সমর্থক সার্জিও গারিবো গালভান ও দিয়েগো গারিবো দেলগাদো। পরে চিঠিটি ইরানি প্রতিনিধি দলের কাছে পৌঁছে দেওয়া হলে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে তা ইতিবাচক সাড়া ফেলে।
পরবর্তীতে ইরান ফুটবল ফেডারেশনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গণমাধ্যমে চিঠিটি প্রকাশ করা হলে বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে পাওয়া এই সমর্থন ইরান দলের জন্য মনোবল বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।
চিঠিতে ইরানি খেলোয়াড়দের প্রতি পূর্ণ সংহতি প্রকাশের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে তাদের মর্যাদা ও দৃঢ় মানসিকতার ভূয়সী প্রশংসা করা হয়েছে।
চিঠির লেখকেরা ইরানের ফুটবলারদের প্রতি হওয়া অন্যায় আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও ‘অসন্তোষ’ প্রকাশ করেছেন।
একই সাথে কঠিন পরিস্থিতিতেও দলের খেলোয়াড়দের ‘মর্যাদা, ইচ্ছা এবং সংকল্পের’ প্রশংসা করে তারা বার্তা শেষ করেছেন এই বলে, ‘মেক্সিকোতে আপনারা অনেক বন্ধু পাবেন, তবে তিজুয়ানা সবসময় আপনাদের দ্বিতীয় বাড়ি হয়ে থাকবে।’
ইরান ফুটবল ফেডারেশনের একটি বিবৃতিতে জানানো হয়েছে, মেক্সিকান সমর্থকদের এই আবেগঘন বার্তাটি দলের বাসে ভ্রমণের সময় খেলোয়াড় এবং অফিশিয়ালদের মাঝে বিলি করা হয়। মেক্সিকোর মাটিতে স্থানীয় জনগণের কাছ থেকে পাওয়া এমন আন্তরিক সমর্থন এই কঠিন সময়ে দলটিকে মানসিকভাবে বেশ উদ্বুদ্ধ করেছে।
পাঠকদের সুবিধার্থে চিঠিটির অনুবাদ দেওয়া হলো:
প্রকৃত যোদ্ধা ইরান দল সমীপেষু,
শুরুতেই বলতে চাই, যারা একজন মানুষের প্রতি সামান্যতম সম্মান দেখাতে জানে না, তাদের কাছ থেকে আপনারা যে অন্যায় আচরণের শিকার হয়েছেন, তা আমাদের গভীরভাবে ক্ষুব্ধ ও মর্মাহত করেছে। যেখানে আপনাদের একমাত্র লক্ষ্য ছিল নিজেদের দেশকে উঁচুতে তুলে ধরা, সেখানে তার বদলে আপনারা পেয়েছেন বৈষম্য, বাধা আর দুর্ব্যবহার।
আজ অন্য যেকোনো সময়ের চেয়ে আমরা এই চমৎকার দলটির প্রতিটি সদস্যকে বেশি সমীহ করি। কারণ আমরা নিশ্চিত, আপনাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি দৌড়, প্রতিটি অশ্রুবিন্দু এবং ঘামের প্রতিটি ফোঁটা মিশে আছে অনন্য মর্যাদা, ইচ্ছাশক্তি আর দৃঢ় সংকল্পে; যে গুণগুলো অনেক মানুষের মাঝেই অনুপস্থিত।
তবে এটুকু নিশ্চিত থাকুন, জীবনের এই কঠিন চ্যালেঞ্জগুলোর মুখোমুখি দাঁড়িয়ে মাথা উঁচু করে লড়াই করার মাধ্যমে আপনারা আমাদের মনের মণিকোঠায় সম্মান অর্জন করে নিয়েছেন। আপনাদের এই মর্যাদাবোধ সবসময় অগ্রগণ্য।
সবসময় মনে রাখবেন, মেক্সিকোতে আপনারা অনেক বন্ধু পাবেন, তবে তিজুয়ানায় আপনারা পাবেন আপনাদের একটি দ্বিতীয় বাড়ি।
