রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে স্কটল্যান্ডের ঐতিহাসিক জয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৯:৩৭ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বমঞ্চে ফেরাটাই ছিল এক রূপকথা। ফেরার সেই রাজকীয় উপলক্ষকে স্কটল্যান্ড রাঙিয়ে তুলল ৩৬ বছরের এক আক্ষেপ ঘুচিয়ে। ১৯৯৮ সালের পর এবার বিশ্বকাপ খেলতে নেমে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেল স্কটিশরা।

বাংলাদেশ সময় রোববার ভোরে অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়েছে তারা। এর আগে স্কটল্যান্ড বিশ্বকাপে সবশেষ জয়ের দেখা পেয়েছিল ১৯৯০ সালে, সুইডেনের বিপক্ষে। এরপর কেটে গেছে দীর্ঘ ৩৬টি বছর। অবশেষে উত্তর আমেরিকার বিশ্বমঞ্চে এসে জন ম্যাকগিনের গোলটিই ব্যবধান গড়ে দিল।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবরো স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের এই ম্যাচে শুরু থেকেই হাইতির ওপর ছড়ি ঘোরাতে থাকে স্কটিশরা। কোচ স্টিভ ক্লার্কের শিষ্যরা একের পর এক আক্রমণ করলেও হাইতির রক্ষণভাগের বাঁধ ভাঙতে পারছিল না।

অবশেষে ম্যাচের ২৮তম মিনিটে ডেডলক ভাঙেন স্কটিশ অধিনায়ক জন ম্যাকগিন। ডান প্রান্ত থেকে উড়ে আসা একটি ক্রস হাইতির বক্সে জটলার সৃষ্টি করলে, সেখান থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান এই মিডফিল্ডার। উল্লাসে ফেটে পড়ে স্কটিশ গ্যালারি।

পিছিয়ে পড়ার পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে হাইতি। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার কাউন্টার অ্যাটাকে গিয়ে স্কটল্যান্ডের ডিফেন্সে চাপ সৃষ্টি করে তারা। তবে স্কটিশ গোলরক্ষক ও রক্ষণভাগের ফুটবলাররা পুরো ম্যাচে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকেন। হাইতির ফরোয়ার্ডদের সব প্রচেষ্টা ভেস্তে গেলে ১-০ গোলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে স্কটিশরা।

এই জয়ে ‘সি’ গ্রুপ থেকে ৩ পয়েন্ট তুলে নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করেছে স্কটল্যান্ড। একই গ্রুপের অন্য হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিল ও মরক্কো ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে। ফলে ব্রাজিল, মরক্কো ও হাইতিকে পেছনে ফেলে এই মুহূর্তে গ্রুপে সবার ওপরে অবস্থান করছে স্কটিশরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন