

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সর্বত্র। মেক্সিকোর পর এবার ঘরের মাঠে বিশ্বকাপ মঞ্চে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে উত্তর আমেরিকার দেশ কানাডা।
বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) দিবাগত রাত ১টায় বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে বিশ্বকাপের ইতিহাসে কখনো জিততে না পারা কানাডা।
কানাডার জন্য এটি শুধু একটি গ্রুপ ম্যাচ নয়, বরং বিশ্বকাপের মঞ্চে নিজেদের অবস্থান নতুন করে জানান দেওয়ার সুযোগ। ১৯৮৬ ও ২০২২—দুই আসর মিলিয়ে বিশ্বকাপে ছয়টি ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি দলটি।
তবে সাম্প্রতিক সময়ে তাদের পারফরম্যান্সে এসেছে পরিবর্তন। কোচ জেসি মার্শের অধীনে সবশেষ কোপা আমেরিকার সেমিফাইনালে পর্যন্ত খেলেছে দলটি।
তবে প্রথম ম্যাচের আগে দলের দুশ্চিন্তার কারণও আছে। চোটের কারণে খেলতে পারবেন না অধিনায়ক আলফোনসো ডেভিস। এছাড়া হাঁটুর চোটে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তরুণ মিডফিল্ডার মার্সেলো ফ্লোরেস। ফলে আক্রমণভাগে জোনাথন ডেভিডের ওপরই বড় দায়িত্ব বর্তাবে। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ডের দিকে তাকিয়ে থাকবে স্বাগতিকরা।
অন্যদিকে বসনিয়া ও হার্জেগোভিনা বিশ্বকাপে এসেছে দারুণ আত্মবিশ্বাস নিয়ে। বাছাইপর্বে ইতালিকে হারিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া দলটির নেতৃত্বে আছেন অভিজ্ঞ স্ট্রাইকার এদিন জেকো। ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের অভিজ্ঞতা এবং সিয়াদ কোলাসিনাচের মতো রক্ষণভাগের নির্ভরযোগ্য ফুটবলারের উপস্থিতি দলটিকে ভারসাম্য দিয়েছে।
বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার স্বপ্ন দুই দলেরই। সেই পথচলায় প্রথম ম্যাচ থেকেই পয়েন্ট অর্জনের গুরুত্ব অনেক।