মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপে বাংলাদেশের উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপের শুরুটা বাংলাদেশ যেমন চেয়েছিল ঠিক তেমনই হয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে নিগার সুলতানার দল।

ব্যাট হাতে খুব বড় সংগ্রহ গড়তে না পারলেও বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ম্যাচটি একপেশে করে ফেলে বাংলাদেশ। আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করে তারা। জবাবে বাংলাদেশের বোলিংয়ের সামনে ৫৮ রানেই অলআউট হয়ে যায় ইন্দোনেশিয়া।

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা অবশ্য স্বস্তির ছিল না। ১৬ রানের মধ্যেই জুয়াইরিয়া ফেরদৌসের উইকেট হারায় দল। ৭ বলে ৮ রান করে ফিরে যান তিনি। এরপর দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি দ্বিতীয় উইকেটে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

দিলারা ৩১ বলে ২৭ রান করে ফিরে যাওয়ার পর অধিনায়ক নিগার সুলতানাও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। মাত্র ১০ রান করে ফেরেন তিনি। তবে এক প্রান্ত ধরে রেখে ইনিংসকে এগিয়ে নেন সোবহানা। তার ব্যাট থেকেই আসে দলের সর্বোচ্চ ৪০ রান।

শেষ দিকে স্বর্ণা আক্তারের ঝোড়ো ব্যাটিং বাংলাদেশের রানকে ১২৯-এ নিয়ে যায়। মাত্র ১৮ বলে ৩১ রান করেন স্বর্ণা। ইন্দোনেশিয়ার হয়ে নি আরিয়ানি ৩টি এবং নি লুহ নেন ২টি উইকেট।

জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্য ইন্দোনেশিয়ার সামনে শুরু থেকেই কঠিন হয়ে ওঠে। বাংলাদেশের বোলাররা রান করার সুযোগ না দিয়ে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকেন। ফলে ইন্দোনেশিয়ার কোনো ব্যাটারই ইনিংস বড় করার সুযোগ পাননি।

চাপের মুখে রান তোলার গতি বাড়ানো তো দূরের কথা, উইকেট ধরে রাখাই কঠিন হয়ে পড়ে ইন্দোনেশিয়ার জন্য। শেষ পর্যন্ত ৫৮ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

ফলে ৭১ রানের বড় জয় নিয়ে নারী এশিয়া কাপের যাত্রা শুরু করল বাংলাদেশ। ব্যাটিংয়ে মাঝারি সংগ্রহের পর বোলারদের এমন নিয়ন্ত্রিত পারফরম্যান্স নিঃসন্দেহে নিগারদের পরের ম্যাচগুলোর জন্য বাড়তি আত্মবিশ্বাস দেবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank