মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিগামী প্লেনে বোমা হামলার হুমকি, জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১১:২৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দাম্মাম থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি প্লেন আহমেদাবাদে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। মাঝ আকাশে প্লেনটিতে বোমা হামলার হুমকি দেওয়া চিঠি আবিষ্কৃত হওয়ার পরপরই সেটি সরদার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জরুরি অবতরণ করে।

কর্মকর্তারা জানিয়েছেন, প্লেনটির একজন কেবিন ক্রু শৌচাগারে টিস্যু পেপারে ‘বোম’ লেখা দেখার পরপরই সবাইকে সতর্ক করে দেওয়া হয়।

টিস্যু পেপারটি দেখার পরই ওই কেবিন ক্রু দ্রুত প্লেনটির পাইলটকে জানান। পাইলট তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি অবতরণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেন। খবর এনডিটিভির।

আহমেদাবাদে পৌঁছানোর পরপরই প্লেনটিকে এয়ারপোর্টের মূল টার্মিনাল থেকে আলাদা একটি স্থানে নিয়ে যাওয়া হয়, যেখানে ইমার্জেন্সি ইউনিটের সদস্যরা আগে থেকেই প্রস্তুত ছিলেন।

নিরাপত্তা সদস্য ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা প্লেনটিকে ঘিরে ফেলেন এবং স্ট্যান্ডার্ড নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করেন। প্লেনটিতে থাকা ৩২ যাত্রীর সবাইকে নিরাপদে সরিয়ে টার্মিনাল-২ এ নেওয়া হয়। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কর্তৃপক্ষ কেবিন, আসন এবং কার্গো হোল্ডসহ প্লেনটির সব জায়গাতেই নিবিড়ভাবে তল্লাশি চালিয়েছে। কোনো বিস্ফোরক দ্রব্য বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। পরবর্তীতে প্লেনটিকে এয়ারপোর্ট ত্যাগের অনুমতি দেওয়া হয়।

তবে, কে টিস্যু পেপারে ওই লেখাটি লিখেছিলেন বা এ ঘটনার পেছনে কী উদ্দেশ্য রয়েছে তা জানতে বর্তমানে তদন্ত চলমান।

এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষ বলেছে, সরকার নির্ধারিত সংস্থাকে এই ঘটনায় তাৎক্ষণিক খবর দেওয়া হয়েছে এবং সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্লেনটি নিরাপদেই অবতরণ করে এবং সব যাত্রীও সুস্থ ও নিরাপদ আছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank