

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে উল্টো চিত্র দেখেছে বাংলাদেশ। মাত্র দেড় দিনেই অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানের বড় ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। এ ম্যাচে দুই ইনিংসেই তিন অঙ্কের আগেই অল আউট হয়েছে বাংলাদেশ। আর এতেই টেস্ট ইতিহাসে এক অনাকাঙ্খিত রেকর্ড গড়েছে তারা।
গ্রেট বেরিয়ার রিফ এরিনায় ম্যাচটি শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশের ব্যাটিংয়ের দুর্দশার চিত্র স্পষ্ট হয়েছে। প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও থামতে হয়েছে ৯৫ রানে।
মেকাই টেস্টে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৯ রান। তাছাড়া মাত্র দেড় দিনের মধ্যেই শেষ হয়েছে ম্যাচটি। অস্ট্রেলিয়ার মাটিতে এটি দ্বিতীয় সংক্ষিপ্ততম টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসেও এর চেয়ে কম সময়ে শেষ হয়েছে মাত্র তিনটি টেস্ট। অর্থাৎ সময়ের হিসাবে মেকাইয়ের এই ম্যাচ জায়গা করে নিয়েছে চতুর্থ সংক্ষিপ্ততম টেস্ট হিসেবে।
তবে সময়ের এই রেকর্ডের চেয়েও বাংলাদেশের জন্য বেশি বিব্রতকর হয়ে থাকবে ব্যাটিংয়ের পরিসংখ্যান। ২০০০ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকের পর ১৬১ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এত দিনে একবারও একই টেস্টের দুই ইনিংসে ১০০ রানের আগেই পুরো দলকে অলআউট হতে হয়নি। ম্যাকইয়ে প্রথমবার সেই তিক্ত অভিজ্ঞতা হলো।
বাংলাদেশের এই রেকর্ডের আরেকটি দিকও আছে। টেস্ট ক্রিকেটে কোনো দলের একই ম্যাচের দুই ইনিংসেই ১০০ রানের নিচে অলআউট হওয়ার ঘটনা ২১ বছর পর আবার দেখা গেল। সব মিলিয়ে টেস্ট ইতিহাসে অষ্টম দল হিসেবে বাংলাদেশ এই তালিকায় নাম লিখিয়েছে।


