

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সক্রিয় মৌসুমি বায়ুর সঙ্গে মিলিত হয়ে আগামী ১০ দিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে। এ সময়ে দেশের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতও হতে পারে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এছাড়া, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
এ অবস্থায় রোববার (২৩ আগস্ট) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দেশের কোথাও কোথাও।
এরপর মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী ঝড়ের পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে এ সময়ে।
ঝড়বৃষ্টির একই ধরনের প্রবণতা অব্যাহত থাকতে পারে বুধবারও (২৬ আগস্ট)। এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে অনেক জায়গায়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়। এ সময়ে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে দেশের কোথাও কোথাও।
এছাড়া, বর্ধিত ৫ দিনেও ঝড় ও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এ সময়ে।


