

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রংপুর নগরীতে নিজ বাসায় সাবেক স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনা এখন দেশ জুড়ে আলোচনায়।। এর মধ্যেই সামনে এসেছে পরিবারের সদস্য আগামী চক্রবর্তীর বিয়ের খবর। দুই পরিবারের সম্মতিতে বিয়ের তারিখও ঠিক হয়েছিল। নতুন জীবন শুরুর প্রস্তুতির মধ্যেই নির্মম হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছেন আগামী। হবু স্ত্রীকে হারিয়ে গভীর শোকে ভেঙে পড়েছেন অদিত কর।
আগামী রংপুরের কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেছিলেন। তার সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা অদিত করের বিয়ে ঠিক হয়েছিল। দুই পরিবারে বিয়ের আয়োজন নিয়েও প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন অদিতের এক বন্ধু।
ওই বন্ধু জানান, আগামীকে হারিয়ে অদিত মানসিকভাবে বিপর্যস্ত। এরই মধ্যে কয়েক দিন আগে বাবাকে হারিয়েছিলেন তিনি। এবার একইভাবে হারালেন হবু স্ত্রীকে। পরপর প্রিয়জন হারানোর এই ঘটনায় তাকে কীভাবে সান্ত্বনা দেওয়া যায়, তা বুঝে উঠতে পারছেন না তার বন্ধুরাও।
আগামীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হৃদয়স্পর্শী পোস্ট দিয়েছেন অদিত। পেস্টে তিনি লেখেন ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেল। এটা বুধবারের ছবি। খুব করে বলল সেদিন ‘আমরা তো কখনো কাপল পিক তুলি নাই, চলো আজকে তুলি।’ চিন্তা করো না আগামী, আমি তোমার সাথে ছিলাম, আছি, থাকব।’’
রোববার ২৩ আগস্ট অদিতের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই পোস্টটির স্ক্রিনশট শেয়ার করে তার প্রতি সহমর্মিতা জানিয়েছেন।
এর আগে রোববার (২৩ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। এ ঘটনায় স্থানীয় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে নগরের মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা, তাদের মেয়ে আগামী চক্রবর্তী (২৫) এবং ১২ বছর বয়সী প্রিয়ম চক্রবর্তী হত্যাকাণ্ডের শিকার হন।
পরদিন শনিবার (২২ আগস্ট) পর্যন্ত পরিবারের কারও সাড়া না পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে রাতে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাটি এখন দেশজুড়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে।


