সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুদর্শনের চোটে কপাল খুলল সরফরাজের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৯:৩৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে ভারতীয় দলে আবারও পরিবর্তন। চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন ব্যাটার সাই সুদর্শন। তার জায়গায় দলে ডাক পেয়েছেন সরফরাজ খান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে শুরুতে সুদর্শন ও জাসপ্রীত বুমরাহকে রাখা হলেও দুজনেরই দলে থাকা নির্ভর করছিল ফিটনেস ছাড়পত্রের ওপর। বুমরাহ পুরোপুরি ফিট না হওয়ায় আগেই দল থেকে বাদ পড়েন। তার পরিবর্তে স্কোয়াডে জায়গা পান আকিব নবি। এবার একই কারণে ছিটকে গেলেন সুদর্শন।

বিসিসিআই জানিয়েছে, বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ায় সুদর্শনের শারীরিক অবস্থার ‘ভালো রকমের উন্নতি’ হচ্ছে। তবে শ্রীলঙ্কা সফরের জন্য তাঁকে পুরোপুরি প্রস্তুত পাওয়া যায়নি।

সুদর্শনের জায়গায় সুযোগ পাওয়া সরফরাজ ভারতের হয়ে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছেন। একটি সেঞ্চুরি ও তিনটি ফিফটিসহ তার রান ৩৭১। ২০২৪ সালে টেস্ট অভিষেকের পর জাতীয় দলে নিয়মিত জায়গা করে নিতে পারেননি তিনি। ২০২৪-২৫ বর্ডার-গাভাস্কার ট্রফির স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। এরপর ইংল্যান্ড সফরের অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দলেও জায়গা হয়নি তাঁর।

তবে ঘরোয়া ক্রিকেটে সরফরাজের পারফরম্যান্স বরাবরই নজরকাড়া। ২০২৫ রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে সাত ম্যাচে ৪২৯ রান করেন তিনি। দলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই ব্যাটার। ওই মৌসুমে তাঁর ব্যাটিং গড় ছিল ৫৩.৬২। প্রথম শ্রেণির ক্রিকেটে সরফরাজের ব্যাটিং গড় ৬৪.৭৩—কমপক্ষে ৫০ ইনিংস খেলা ক্রিকেটারদের মধ্যে যা সর্বোচ্চ।

আগামী ১৫ আগস্ট গলে শুরু হবে ভারত ও শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ আগস্ট, কলম্বোতে।

শ্রীলঙ্কা সফরে ভারতের টেস্ট স্কোয়াড: শুবমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জাইসওয়াল, রিশভ পান্ট (উইকেটরক্ষক), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানাব সুথার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, গুরনুর ব্রার, দেবদূত পাড়িক্কাল, সারাংশ জাইন ও আকিব নবি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন