

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১৩ সদস্যের দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড এবং অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন। চোটের কারণে সর্বশেষ অ্যাশেজ সিরিজে যারা নিয়মিত খেলতে পারেননি, এবার তাদের দিয়েই বোলিং আক্রমণ সাজাতে চায় অস্ট্রেলিয়া।
অ্যাশেজে হ্যাজলউড হ্যামস্ট্রিংয়ের চোট থেকে ফেরার সময় অ্যাকিলিসের সমস্যায় পড়েন। ফলে পুরো সিরিজ থেকেই ছিটকে যান এই ডানহাতি পেসার। অন্যদিকে অ্যাডিলেড টেস্টে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ার পর অস্ত্রোপচার করাতে হয় লায়নকে। কামিন্সও পুরো অ্যাশেজ খেলতে পারেননি; চোট কাটিয়ে ফেরার পর তিনি শুধু অ্যাডিলেড টেস্টে অংশ নেন। সিরিজে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত হওয়ার পর তাঁকে পরের ম্যাচগুলোতে বিশ্রাম দেওয়া হয়েছিল।
চোট কাটিয়ে কামিন্স ও হ্যাজলউড টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি। তবে বিশ্বকাপের পর আইপিএলের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন দুজনই। তাদের প্রত্যাবর্তনের ফলে দল থেকে বাদ পড়েছেন মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেট।
অস্ট্রেলিয়ার পেস আক্রমণে কামিন্স ও হ্যাজলউডের সঙ্গে থাকছেন মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। পাশাপাশি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টারও দলে রয়েছেন, যারা ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
ব্যাটিং বিভাগে অবশ্য বড় কোনো পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়া। অ্যাশেজে অভিষেক হওয়া জেক ওয়েদারাল্ডের ওপরই আস্থা রেখেছে নির্বাচকেরা। ধারণা করা হচ্ছে, ট্রাভিস হেডের সঙ্গে তিনিই ইনিংসের শুরু করবেন। সাম্প্রতিক সময়ে রানখরায় থাকা মারনাস লাবুশেনকেও দলে রাখা হয়েছে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুটি টেস্ট অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। প্রথম ম্যাচ হবে ডারউইনে ১৩ থেকে ১৭ আগস্ট এবং দ্বিতীয়টি ম্যাকাইয়ে ২২ থেকে ২৬ আগস্ট।
অস্ট্রেলিয়া টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড ও বো ওয়েবস্টার।