

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য অলিম্পিকে পুরুষ ও নারী; দুই বিভাগেই ছয়টি করে দল অংশ নেবে। তবে বাংলাদেশের জন্য অলিম্পিকের টিকিট নিশ্চিত করতে হবে বাছাইপর্বের বাধা পেরিয়ে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) যৌথভাবে অলিম্পিক ক্রিকেটের অংশগ্রহণ প্রক্রিয়া চূড়ান্ত করেছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি মহাদেশ থেকে র্যাংকিংয়ে শীর্ষে থাকা একটি দল সরাসরি জায়গা পাবে। বাকি একটি স্থান নির্ধারণ হবে ২০২৭ সালে অনুষ্ঠিত আইসিসি অলিম্পিক কোয়ালিফায়ার টুর্নামেন্টের মাধ্যমে।
ইতোমধ্যে এশিয়া থেকে ভারত, ওশেনিয়া থেকে অস্ট্রেলিয়া, আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকা এবং ইউরোপ থেকে গ্রেট ব্রিটেন অলিম্পিকে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে। ইউরোপের প্রতিনিধিত্ব করবে গ্রেট ব্রিটেন, যেখানে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের খেলোয়াড়দের নিয়ে দল গঠনের সুযোগ থাকবে।
স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রও সরাসরি অংশ নেওয়ার সুযোগ পেতে পারে। তবে সে জন্য ২০২৬ সালের ৩০ জুন থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সেরা ১৫ দলের মধ্যে থাকতে হবে তাদের।
এদিকে বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান অষ্টম। ফলে সরাসরি জায়গা না মিললেও ২০২৭ সালের অলিম্পিক বাছাইপর্বে অংশ নেওয়ার সুযোগ থাকবে টাইগারদের। সেই টুর্নামেন্টে সফল হলেই লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার স্বপ্ন পূরণ হবে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের।
অন্যদিকে, ক্যারিবীয় অঞ্চলের জন্য রাখা হয়েছে আলাদা বাছাইপর্ব। কারণ ওয়েস্ট ইন্ডিজ একক রাষ্ট্র নয়, তাই অলিম্পিকে তারা নিজেদের প্রচলিত নামে অংশ নিতে পারবে না।
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট ম্যাচগুলো হবে যুক্তরাষ্ট্রের পোমোনায় নির্মিত বিশেষ ক্রিকেট ভেন্যুতে। পুরুষ ও নারী বিভাগের মিলিয়ে মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল সর্বোচ্চ ১৫ সদস্যের স্কোয়াড নিবন্ধন করতে পারবে।
প্রতিযোগিতার ফরম্যাট অনুযায়ী, ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপপর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দল দুটি স্বর্ণপদকের ম্যাচে মুখোমুখি হবে। আর তৃতীয় ও চতুর্থ অবস্থানে থাকা দল লড়বে ব্রোঞ্জ পদকের জন্য।
