মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বৈভব সূর্যবংশীর অভিষেক কবে, জানালেন কোচ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৩:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নজর কেড়েছেন ভারতীয় তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ফল হিসবে মাত্র ১৫ বছর বয়সেই দেশটির জাতীয় টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন এ ক্রিকেটার। তবে দলে ডাক পেলেও এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি এই বিস্ময় বালকের। এবার টিম ম্যানেজমেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জন্য তাকে অন্য সবার মতোই অপেক্ষা করতে হবে।

ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট বলেন, বৈভব আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। তবে দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনাকেই গুরুত্ব দিচ্ছে ভারত।

সবশেষ আইপিএল মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন বৈভব। ১৬ ইনিংসে ৭৭৬ রান করে টুর্নামেন্টসেরা হন তিনি। আর এমন পারফরম্যান্সের পর নির্বাচকেরা দ্রুতই তাকে জাতীয় টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করেন।

তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে অভিষেক হয়নি এই তরুণের। এমনকি বর্তমান ওপেনার সাঞ্জু স্যামসন টানা দুই ম্যাচে গোল্ডেন ডাক মারলেও দল ব্যবস্থাপনা দলে বড় পরিবর্তনের পথে হাঁটছে না।

টেন ডেসকাট বলেন, ‘বৈভব আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একই সঙ্গে এটা বলা কঠিন যে সঞ্জু স্যামসনকে বাদ দিতে হবে। কয়েক মাস আগেই সে ভারতকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আইপিএলেও তার ভালো মৌসুম গেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা খেলোয়াড়দের আত্মবিশ্বাস দিতে চাই। দলে কাউকে দীর্ঘ সময় সুযোগ দেওয়াটা গুরুত্বপূর্ণ। বৈভব যতই প্রতিভাবান হোক, তাকে অন্য সবার মতোই অপেক্ষা করতে হবে।

বর্তমানে বৈভব শুধু ভারতের টি-টোয়েন্টি দলের অংশ। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের সিরিজ এবং এশিয়ান গেমসের দলেও রাখা হয়েছে তাকে। ফলে খুব শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক দেখার অপেক্ষায় রয়েছেন সমর্থকেরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank