রবিবার
১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট টেস্ট: ২য় দিনের প্রথম সেশন বাংলাদেশের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৬, ১২:২৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে দারুণ বোলিংয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। দিনের প্রথম সেশনেই পাকিস্তানের চারটি উইকেট তুলে নিয়ে চাপ তৈরি করেছে টাইগাররা। দুইটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।

রোববার (১৭ মে) দিনের শুরুতে ২১ রান নিয়ে ব্যাট করতে নামে পাকিস্তান। তবে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। দ্রুতই ফিরে যান দুই ওপেনার আব্দুল্লাহ ফজল ও আজান আওয়াইস। এরপর অধিনায়ক শান মাসুদ ও অভিজ্ঞ ব্যাটার বাবর আজম কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। শান মাসুদ ২১ রান করে বিদায় নিলে ভেঙে যায় সেই জুটি। পরে সাউদ শাকিলও ব্যর্থ হন।

এক প্রান্তে টিকে থেকে ইনিংস মেরামতের চেষ্টা করেন বাবর আজম। তাকে সঙ্গ দেন সালমান আঘা। লাঞ্চ বিরতির আগে ৩০ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান তোলে পাকিস্তান। বাবর ৩৭ রানে অপরাজিত থাকেন।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে দারুণ লড়াই করেন লিটন দাস। তার সেঞ্চুরির ওপর ভর করে ২৭৮ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। এক পর্যায়ে ১২৬ রানে ৬ উইকেট পড়ে গেলেও লোয়ার অর্ডারের সঙ্গে জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন এই উইকেটরক্ষক ব্যাটার। ১৫৯ বলে ১২৬ রানের ইনিংস খেলে তিনি আউট হন।

পাকিস্তানের হয়ে বল হাতে সফল ছিলেন খুররম শাহজাদ। তিনি নেন ৪ উইকেট। এছাড়া মোহাম্মদ আব্বাস ৩টি, হাসান আলী ২টি এবং সাজিদ খান ১টি উইকেট শিকার করেন।

দিন শেষে পাকিস্তান ছিল বিনা উইকেটে ২১ রানে। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়েছে সফরকারীরা। ম্যাচে এখন স্পষ্টভাবে এগিয়ে বাংলাদেশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন