বৃহস্পতিবার
১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ভূমিকায় মাহমুদউল্লাহ!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৯:০৫ পিএম
মাহমুদউল্লাহ রিয়াদ
expand
মাহমুদউল্লাহ রিয়াদ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার নতুন দায়িত্বে দেখা যেতে পারে মাহমুদউল্লাহ রিয়াদকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হিসেবে তাকে যুক্ত করার পরিকল্পনা করছে বলে জানা গেছে।

বাংলাদেশের ক্রিকেট অন্যতম বড় তারকাদের একজন মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০২৫ সালে বিদায় নেন এই অভিজ্ঞ ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসরের ঘোষণা দেন এই তারকা ক্রিকেটার। এর আগে ২০২৪ সালে ভারতে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টি থেকে বিদায় নেন রিয়াদ। এরও আগে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলে এই ফরম্যাট থেকে অবসরে যান এই অলরাউন্ডার।

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ১১ হাজারের বেশি রান করেছেন রিয়াদ। পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৭৬ উইকেট। জাতীয় দলের হয়ে দীর্ঘ অভিজ্ঞতা এবার তরুণ ক্রিকেটারদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।

বিসিবির বর্তমান পরিকল্পনার অংশ হিসেবে জাতীয় দল থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের বয়সভিত্তিক দলে কোচিং ও মেন্টরিংয়ে যুক্ত করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় ২০২৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পর্যন্ত যুব দলের সঙ্গে মাহমুদউল্লাহকে কাজ করার প্রস্তাব দেওয়া হতে পারে।

বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, জাতীয় দলের সাবেক অভিজ্ঞ ক্রিকেটারদের কাছ থেকে তরুণরা অনেক কিছু শিখতে পারবে বলেই তাদের কোচিং কাঠামোয় আনা হচ্ছে।

তিনি বলেন, আব্দুর রাজ্জাককে এইচপির স্পিন কোচ এবং মাহমুদউল্লাহকে যুব দলের মেন্টর হিসেবে যুক্ত করার সিদ্ধান্ত সেই চিন্তারই অংশ। যুব দলের ক্যাম্প চলাকালে নির্দিষ্ট সময় ক্যাম্পে থেকে ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন মাহমুদউল্লাহ।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া ক্রিকেটে এখনও নিয়মিত খেলছেন তিনি। সর্বশেষ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নেমেছেন মাহমুদউল্লাহ। বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন