

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জয়ের লক্ষ্য সামনে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। শুরুতে লড়াইয়ের ইঙ্গিত দিলেও ধীরে ধীরে টাইগার বোলারদের চাপে পড়ে ম্যাচ বাঁচানোর পথেই হাঁটে শান মাসুদের দল। তবে শেষ বিকেলে নাহিদ রানার গতির ঝড় ও দারুণ সুইংয়ে সেই আশাও ভেঙে যায়। শেষ পাঁচ উইকেটের চারটিই তুলে নিয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার করেন এই তরুণ পেসার।
তার এই বিধ্বংসী বোলিংয়ের দিনে বাংলাদেশ ১০৪ রানে হারায় পাকিস্তানকে। মঙ্গলবার (১২ মে) মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে পাকিস্তান করে ৩৮৬। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা, ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান।
এই জয়ের মাধ্যমে টেস্টে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয়বারের মতো জয় তুলে নিল বাংলাদেশ। সর্বশেষ ২০২৪ সালের আগস্টে পাকিস্তানের মাটিতেও দুই টেস্টে জয় পেয়েছিল টাইগাররা।
ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক ও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। শান্ত ১০১ রানের দারুণ ইনিংস খেলেন, যা তার টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। মমিনুল করেন ৯১ এবং মুশফিক যোগ করেন ৭১ রান। পাকিস্তানের হয়ে ৫ উইকেট নেন মোহাম্মদ আব্বাস।
জবাবে পাকিস্তানের হয়ে আজান আওয়াইস সেঞ্চুরি (১০৩) করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৮৬ রানে থামে তাদের ইনিংস। বাংলাদেশের হয়ে মিরাজ নেন ৫ উইকেট, তাসকিন ও তাইজুল নেন ২টি করে।
দ্বিতীয় ইনিংসে শান্ত (৮৭) ও মমিনুল (৫৬) আবারও ব্যাট হাতে অবদান রাখেন। তবে অন্যদের ব্যর্থতায় ২৪০ রানেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
শেষ দিনে ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শেষ বিকেলে নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে সব ভেস্তে যায়। তিনি একাই ভেঙে দেন সফরকারীদের ব্যাটিং লাইনআপ।
দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ১৬ মে, সিলেটে।
