মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের অনুমতি নিয়ে পিএসএলে যাবেন মোস্তাফিজরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৯:৪৫ এএম
বাঁ দিক থেকে মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাহিদ রানা এবং শরিফুল ইসলাম ।। ছবি: সংগৃহীত
expand
বাঁ দিক থেকে মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাহিদ রানা এবং শরিফুল ইসলাম ।। ছবি: সংগৃহীত

এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের পাঁচ ক্রিকেটার খেলার সুযোগ পেয়েছেন। এরই মধ্যে তাদেরকে টুর্নামেন্টের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এনওসি দিলেও পাকিস্তানে যাত্রার আগে সরকারের অনুমোদন প্রয়োজন বলে জানিয়েছে বিসিবি।

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার চলমান সামরিক উত্তেজনার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন।

তিনি বলেন, ‘আমরা সরকারের অনুমতি চেয়েছি। এখনও তারা কোনো সিদ্ধান্ত দেননি। স্বাভাবিক পরিস্থিতিতে এমন অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। তবে বর্তমান ভিন্ন পরিস্থিতিতে ঝুঁকি আছে কি না তা বোঝার জন্য আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করেছি।’

পাকিস্তানে যাওয়া নিরাপদ কি না এবং কোনো শহরে বিধিনিষেধ আছে কি না—এসব বিষয়ে সরকারের অনুমোদন পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত পাঁচজন ক্রিকেটারের পিএসএলে অংশগ্রহণ চূড়ান্ত হয়েছে। তারা হলেন: মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন, শরীফুল ইসলাম, নাহিদ রানা এবং রিশাদ হোসেন।

এছাড়া ওপেনার তানজিদ হাসানের সঙ্গেও পেশোয়ার জালমির কথাবার্তা চলছে। তবে কেউই পুরো পিএসএল সময়ের জন্য অনাপত্তিপত্র পাননি।

এবারের পিএসএল শুরু হবে ২৬ মার্চ এবং চলবে ৩ মে পর্যন্ত। অন্যদিকে, ১৩ এপ্রিল বাংলাদেশে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে আসছে নিউজিল্যান্ড। ওয়ানডে ম্যাচগুলো হবে ১৭, ২০ ও ২৩ এপ্রিল এবং টি-টুয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৭, ২৯ এপ্রিল ও ২ মে।

মোস্তাফিজুর রহমানকে ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত প্রথম ধাপে এনওসি দেওয়া হয়েছে। ওয়ানডে সিরিজ শেষে তিনি ২৪ এপ্রিল আবার পিএসএলে যোগ দেবেন। তানজিদ হাসান, শরীফুল ইসলাম, নাহিদ রানা ও রিশাদ হোসেনকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে ১২ এপ্রিল পর্যন্ত, আর টি-টুয়েন্টি দলের পারভেজ হোসেন ২১ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র পেয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup