

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর জন্মস্থান পুখাতোতে ফিরে স্থানীয় মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।
তবে কয়েকদিনের সেই আবেগঘন অবস্থান শেষে কোনো আনুষ্ঠানিক বিদায় না জানিয়েই নীরবে শহর ছেড়েছেন তিনি।
বিদায়ের বিষয়টি জানাতে অভিনব উপায় বেছে নেন স্কালোনি। নিজের বাবা-মায়ের বাড়ির দরজায় একটি ছোট্ট চিরকুট টাঙিয়ে রেখে যান তিনি।
স্থানীয় টেলিভিশন চ্যানেল ২-এর প্রকাশিত সেই বার্তায় লেখা ছিল, লিও গত রাতে চলে গেছে। আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ।” মূলত কেউ যেন তাকে খুঁজতে এসে অপেক্ষা না করেন, সে কারণেই এই বার্তা রেখে যান আর্জেন্টাইন কোচ।
বিশ্বকাপ শেষে জন্মশহরে ফেরার পর পুখাতোবাসীরা উষ্ণ অভ্যর্থনা জানান স্কালোনিকে। প্রায় তিন হাজার মানুষের ছোট্ট শহরটিতে প্রতিদিনই শত শত ভক্ত তার বাবা-মায়ের বাড়িতে ভিড় করেন। কেউ শুভেচ্ছা জানান, কেউ ছবি তোলেন, আবার কেউ সংগ্রহ করেন অটোগ্রাফ।
অবকাশযাপনের এই সময়টিতে স্কালোনি নিজের শৈশবের স্মৃতিগুলোও ফিরে দেখেন। বাইসাইকেলে করে শহরের বিভিন্ন এলাকা ঘুরে বেড়ানোর পাশাপাশি শৈশবে যে ক্লাবে ফুটবল খেলতেন, সেই অ্যালামনি দে কাসিলদা ক্লাবের একটি ম্যাচও উপভোগ করেন।
স্কালোনি বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে আর্জেন্টাইন গণমাধ্যমের ধারণা, তিনি স্ত্রী-সন্তানদের সঙ্গে স্পেনের মায়োর্কায় ফিরে গেছেন। আগামী সেপ্টেম্বর পর্যন্ত পারিবারিক সময় কাটিয়ে পরবর্তী ফিফা উইন্ডোতে আবারও আর্জেন্টিনা দলের দায়িত্বে ফিরতে পারেন তিনি।
এদিকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে। এরপর তার সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন চুক্তি হবে কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।