মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সামর্থ্যের অভাবে রোনালদোর নাম-জার্সি নম্বর হাতে লিখেছিলেন দিয়োমান্দে, তিনিই যাচ্ছেন রিয়ালে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১০:৩৮ এএম
দিওমান্দে
expand

দারিদ্র্যের কারণে শৈশবে প্রিয় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর আসল জার্সি কেনার সামর্থ্য ছিল না। তাই একটি সাধারণ জার্সির পেছনে হাতে লিখে নিয়েছিলেন ‘রোনালদো’ নাম এবং বিখ্যাত ৭ নম্বর।

সেই কিশোর ইয়ান দিয়োমান্দেই এখন ইউরোপের অন্যতম বড় ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে।

আইভরি কোস্টের আবিদজানে জন্ম নেওয়া ১৯ বছর বয়সী এই উইঙ্গার ছোটবেলায় নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে উঠেছেন। ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণে একসময় একাই দেশ ছাড়তে হয় তাকে। কঠিন সেই সময়ে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

খ্যাতনামা ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, দিয়োমান্দেকে দলে ভেড়ানোর ব্যাপারে রিয়াল মাদ্রিদ অনেক দূর এগিয়ে গেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি গ্রীষ্মকালীন দলবদলে রিয়ালের অন্যতম বড় সাইনিং হতে পারেন এই তরুণ ফুটবলার।

লেগানেসে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার পর আরবি লাইপজিগের জার্সিতেও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন দিয়োমান্দে। গত মৌসুমে বুন্দেসলিগার অন্যতম সেরা উইঙ্গার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজর কাড়েন তিনি।

জানা গেছে, অনেক দিন ধরেই দিয়োমান্দেকে পর্যবেক্ষণে রেখেছিল রিয়াল মাদ্রিদ। সম্প্রতি দুই ক্লাবের প্রতিনিধিদের বৈঠকের পর আলোচনা আরও গতি পায়। এর আগেই খেলোয়াড়ের ব্যক্তিগত সম্মতিও আদায় করে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

প্রতিবেদন অনুযায়ী, এই দলবদলের সম্ভাব্য মূল্য ১১৫ থেকে ১২০ মিলিয়ন ইউরোর মধ্যে হতে পারে। যদিও এখনো আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়নি, তবে সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

বিশ্বকাপ চলাকালে দিয়োমান্দের সম্ভাব্য গন্তব্য হিসেবে পিএসজির নাম আলোচনায় থাকলেও নীরবে কাজ চালিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ক্লাবটি মাইকেল অলিসেকে ঘিরে চলা গুঞ্জনের আড়ালে দিয়োমান্দেকেই মূল লক্ষ্য বানায় এবং সরাসরি ক্লাবের সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যায়।

এছাড়া দিয়োমান্দের সম্ভাব্য বেতনও রিয়ালের নির্ধারিত বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় আলোচনায় বড় কোনো জটিলতা তৈরি হয়নি। ফলে এই দলবদল এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

রোনালদোর নাম-জার্সি নম্বর হাতে লিখে স্বপ্ন দেখা এক কিশোরের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের আবেগ ছুঁয়ে গেছে। যদি চুক্তিটি সম্পন্ন হয়, তবে এটি হবে দিয়োমান্দের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন এবং ইউরোপীয় ফুটবলে তার নতুন অধ্যায়ের সূচনা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank