

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) পূর্ণাঙ্গ আবাসিক ও গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে ধাপে ধাপে অনার্স প্রোগ্রামে ভর্তি বন্ধের প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তার মতে, দেশের শীর্ষ এই বিশ্ববিদ্যালয়ের এখন মূল গুরুত্ব হওয়া উচিত উচ্চতর শিক্ষা ও গবেষণায়।
মঙ্গলবার (১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
পোস্টে মাহফুজ আলম লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের চার থেকে পাঁচ প্রজন্মের মধ্যবিত্ত শ্রেণি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে সময়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভূমিকাও বদলানো দরকার। সে কারণে আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে অনার্স প্রোগ্রামে ভর্তি বন্ধ করে বিশ্ববিদ্যালয়টিকে আবাসিক ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের বিষয়ে ভাবার সময় এসেছে।
তার প্রস্তাব অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত (কনস্টিটুয়েন্ট) কলেজগুলোতে অনার্স সম্পন্ন করে শিক্ষার্থীরা ‘গর্বিত ঢাবিয়ান’ পরিচয় বহন করতে পারবেন। একইভাবে অন্য বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে অনার্স শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স কিংবা পিএইচডি সম্পন্ন করেও ‘গর্বিত ঢাবিয়ান’ হওয়ার সুযোগ থাকবে।
গবেষণার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও গবেষণা কেন্দ্র পুনর্গঠনের কথাও বলেন মাহফুজ আলম। তিনি মনে করেন, গবেষক শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বৃত্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি রাষ্ট্রের বর্তমান ও ভবিষ্যৎ প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে গবেষণার বিষয় নির্ধারণ করা উচিত।
পোস্টে তিনি আরও দাবি করেন, জাতীয়তাবাদের প্রভাবের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও বাংলা ভাষার ওপর তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যা অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের ক্ষেত্র তৈরি করেছে। ভাষা শিক্ষাকে আরও বিশেষায়িত করা, ইতিহাসচর্চার সঙ্গে সমাজবিজ্ঞানের সমন্বয় এবং আধুনিক সমাজবিজ্ঞান ও বিজ্ঞানভিত্তিক গবেষণাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রাজনীতি বন্ধেরও প্রস্তাব দেন মাহফুজ আলম। তার মতে, ছাত্ররাজনীতি ডাকসুকেন্দ্রিক হওয়া উচিত। একই সঙ্গে শিক্ষক ও গবেষণা সহকারী নিয়োগে কেবল মেধা, যোগ্যতা ও কর্মদক্ষতাকে গুরুত্ব দিতে হবে। বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেও নিয়োগ না পাওয়ার সংস্কৃতি বন্ধ এবং অযোগ্য ও তোষণনির্ভর শিক্ষকদের অপসারণের কথাও বলেন তিনি।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো গঠনের প্রস্তাব দেন মাহফুজ আলম। তার মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, লালবাগ, হোসেনী দালান, কেন্দ্রীয় কারাগারসহ পুরান ঢাকার ঐতিহাসিক এলাকাগুলো নিয়ে একটি পৃথক ‘বিশ্ববিদ্যালয় ও হেরিটেজ সিটি’ গঠন করা যেতে পারে। দীর্ঘমেয়াদে এর পরিধি বুড়িগঙ্গা পর্যন্ত সম্প্রসারণেরও প্রস্তাব দেন তিনি।
পোস্টের শেষাংশে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান মাহফুজ আলম। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান তিনি।
