শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পবিত্র কাবা শরীফই পৃথিবীর প্রথম মসজিদ 

মো. কামাল উদ্দিন, সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৩ পিএম
পবিত্র কাবা শরীফই পৃথিবীর প্রথম মসজিদ 
expand
পবিত্র কাবা শরীফই পৃথিবীর প্রথম মসজিদ 

পবিত্র মক্কা, পূর্ণ নাম মাক্কাহ আল-মুকাররামাহ, যার অর্থ পবিত্র মক্কা। এটি সৌদি আরবের হেজাজ অঞ্চলের একটি শহর এবং মক্কা প্রদেশের রাজধানী। শহরটি সমুদ্রতল থেকে ২৭৭ মিটার (৯০৯ ফুট) উপরে একটি সংকীর্ণ উপত্যকায় অবস্থিত, যা জেদ্দা শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে। ২০১২ সালের হিসাব অনুযায়ী এখানে প্রায় ২০ লাখ মানুষ বসবাস করে। তবে হিজরি জিলহজ মাসে হজ পালনের সময় শহরটিতে এর প্রায় তিন গুণ মানুষ আগমন করেন। আবদুল্লাহ ইবনে যুবায়েরের খিলাফতের রাজধানী ছিল মক্কা।

মক্কা ইসলাম ধর্মের পবিত্রতম নগরী হিসেবে স্বীকৃত। এই শহরেই মহানবী মুহাম্মদ (সা.)-এর জন্ম এবং এখানেই তিনি কুরআনের প্রথম ওহি লাভ করেন হেরা গুহায়, যা শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে অবস্থিত। মুসলিমরা প্রতি বছর হজ ও উমরাহ পালনের জন্য এখানে আসেন। মক্কার প্রাণকেন্দ্রে কাবা শরীফ অবস্থিত। ইসলাম ধর্ম অনুযায়ী কাবা হলো পৃথিবীর প্রথম মসজিদ। মুসলিমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের সময় কাবার দিকে মুখ করে দাঁড়ান, যা তাদের নামাজের দিকনির্দেশনা (কিবলা) হিসেবে বিবেচিত। দীর্ঘদিন এই শহর মহানবী মুহাম্মদ (সা.)-এর বংশধরদের দ্বারা শাসিত হয়েছে।

১৯২৫ সালে ইবনে সৌদের নেতৃত্বে সৌদি আরব রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সৌদ বংশ মক্কার দায়িত্ব লাভ করে। বর্তমানেও এই রাজবংশ মক্কা শাসন করে আসছে। আধুনিক যুগে শহরটি বহুগুণে সম্প্রসারিত হয়েছে। এর অবকাঠামো, রাস্তা-ঘাট ও নাগরিক সুবিধায় ব্যাপক উন্নতি লক্ষ্য করা যায়। বিশ্বের চতুর্থ উচ্চতম ভবন মক্কা রয়েল ক্লক টাওয়ার এই শহরেই অবস্থিত। এ ভবনের মোট মেঝের আয়তন বিশ্বে তৃতীয় বৃহত্তম। শহর সম্প্রসারণের ফলে অনেক ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেমন আজিয়াদ দুর্গ, বিলুপ্ত হয়ে গেছে। প্রতি বছর প্রায় ১৫ মিলিয়ন মুসলিম মক্কা শহর ভ্রমণ করেন। এর ফলে শহরটি সারা বিশ্বের অন্যতম প্রধান আন্তর্জাতিক নগরীতে পরিণত হয়েছে। এই শহরে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X