বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র কাবার নতুন গিলাফ তৈরিতে লেগেছে ১১ মাস

সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৮:১৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পবিত্র কাবা শরিফ নতুন গিলাফে আচ্ছাদিত হয়েছে। হিজরি ১৪৪৮ সনের সূচনাকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও পুরোনো গিলাফ সরিয়ে নতুন কিসওয়া পরানো হয়েছে ইসলামের সবচেয়ে পবিত্র এই স্থাপনাকে। সৌদি আরবের ধর্মীয় ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের উপস্থিতিতে সম্পন্ন হয় এ আনুষ্ঠানিকতা।

কাবার এই নতুন গিলাফ তৈরির পেছনে রয়েছে প্রায় এক বছরের নিরবচ্ছিন্ন শ্রম। সৌদি আরবের মক্কার নিকটবর্তী কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে প্রায় ১৫০ জন দক্ষ কারিগর প্রায় ১১ মাস ধরে কাজ করে প্রস্তুত করেছেন এই আচ্ছাদন।

নতুন গিলাফটি তৈরি হয়েছে ৪৭টি পৃথক কালো রেশমি কাপড়ের অংশ জোড়া দিয়ে। প্রতিটি অংশ হাতে সেলাই করা হয়েছে এবং তাতে সূক্ষ্ম নকশায় কোরআনের আয়াত খচিত করা হয়েছে। ক্যালিগ্রাফি ও অলংকরণের কাজে ব্যবহার করা হয়েছে স্বর্ণ ও রুপার প্রলেপযুক্ত বিশেষ সুতা, যা গিলাফটিকে দিয়েছে অনন্য সৌন্দর্য ও মর্যাদা।

গিলাফ তৈরির প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। রেশম প্রস্তুত করা থেকে শুরু করে রং করা, বয়ন, ছাপানো, সূচিকর্ম, বিভিন্ন অংশ সংযোজন এবং চূড়ান্ত মান যাচাই—সব মিলিয়ে এটি একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। প্রতিটি ধাপে বিশেষজ্ঞ কারিগরদের নিবিড় তত্ত্বাবধান থাকে।

নতুন গিলাফের ওজন প্রায় ১ হাজার ৪০০ কেজির বেশি। এতে কোরআনের একাধিক আয়াত সুনিপুণ ক্যালিগ্রাফিতে খোদাই করা হয়েছে, যা ইসলামী শিল্পকলার এক অসাধারণ নিদর্শন হিসেবে বিবেচিত হয়।

সৌদি আরব কয়েক বছর ধরে হিজরি নববর্ষের প্রথম দিন কাবার গিলাফ পরিবর্তনের প্রথা অনুসরণ করছে। এর আগে দীর্ঘ সময় ধরে আরাফার দিনের সঙ্গে মিল রেখে এ কাজ সম্পন্ন করা হতো। বর্তমানে নতুন হিজরি বছরের সূচনাকে স্মরণীয় করতে ১ মহররমে কিসওয়া পরিবর্তন করা হয়।

প্রচলিত নিয়ম অনুযায়ী, নতুন কিসওয়া স্থাপনের পর পুরোনো গিলাফটি সংরক্ষণ করা হয়। পরে সেটি ছোট ছোট অংশে বিভক্ত করে বিভিন্ন মুসলিম দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্রীয় প্রতিনিধি এবং বিশেষ অতিথিদের উপহার হিসেবে দেওয়া হয়।

মুসলিম বিশ্বের কোটি কোটি মানুষের কাছে কাবার কিসওয়া শুধু একটি আচ্ছাদন নয়; এটি ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার এক গুরুত্বপূর্ণ প্রতীক। প্রতি বছর নতুন কিসওয়া পরানোর মধ্য দিয়ে সেই ঐতিহ্যের ধারাবাহিকতাই নতুনভাবে স্মরণ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup