শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বহিরাগতদের নিয়ে জবির সাংবাদিক সমিতি দখল করতে যায় ছাত্রদল: শিবির সভাপতি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১০:৫৪ পিএম
শিবিরের ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
expand
শিবিরের ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, সরকার গঠনের পর থেকেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটছে।

মানুষের ঘরবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। আমরা দেখেছি, বিরোধী মতের ওপর ধারাবাহিকভাবে হামলা করা হচ্ছে। বিশেষ করে ছাত্রশিবিরের দায়িত্বশীলদের ওপর ক্রমাগত হামলার ঘটনা ঘটছে।

আজ শুক্রবার (৬ মার্চ) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ছাত্রশিবিরের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক সময়ে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের ঘটনা উল্লেখ করে ছাত্রশিবির সভাপতি বলেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে রাতের অন্ধকারে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে তাদের রক্তাক্ত করেছে ছাত্রদলের সন্ত্রাসীরা।

একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের সঙ্গে নিয়ে ছাত্রদল সাংবাদিক সমিতি দখলের চেষ্টা করে এবং অসংখ্য সাংবাদিক ও নির্বাচিত জিএসের ওপর হামলা চালিয়ে তাদের আহত করে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হলো বিএনপি। বিগত সময়ে তারা প্রায় রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজনীতি করার সুযোগ পেয়ে তারা এখন সেই অভ্যুত্থানের সঙ্গেই গাদ্দারি করছে। তারা জনগণের ম্যান্ডেটের তোয়াক্কা না করে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ পুনরায় দেশে আস্ফালন দেখাতে শুরু করেছে। সহস্রাধিক মানুষকে হত্যা করার পরও তারা আবার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের রাজনীতিতে পুনর্বাসনের মাধ্যমে এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে।

সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগার সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে আরও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধান, খেলাফত মজলিসের নায়েবে আমীর আহমদ আলী কাসেমী এবং আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন