

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এবার তারুণ্যের জয়জয়কার হবে এবং সেই নেতৃত্বের অগ্রভাগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থাকবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান সরকার ক্রমশই ব্যর্থতার দিকে যাচ্ছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক প্রোগ্রামে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিএনপির বহিষ্কৃত নেতা ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা যোগদান করেন।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের সময় আমরা জনগণকে কমিটমেন্ট করেছিলাম- এটি কোনো সাধারণ নির্বাচন নয়, এটি দেশ পরিবর্তন ও রাষ্ট্র সংস্কারের নির্বাচন। কারণ, এই নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর, সরকার গঠনের পর সেই গণভোটকে অস্বীকার করা হয়েছে।
তিনি বলেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানের লেগেসি থেকে এই নির্বাচনকে বিচ্ছিন্ন করে একটি সাধারণ ক্ষমতা পরিবর্তনের নির্বাচনে পরিণত করেছে। সংবিধানসহ গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো একে একে বাতিল করা হচ্ছে।
দেশে পুনরায় বৈষম্য ও দলীয়করণের প্রবণতা বাড়ছে অভিযোগ করে তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে ক্ষমতার রাজনীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। ফ্যাসিবাদ বা কোনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে এবং এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হবে।
তিনি বলেন, সারাদেশ থেকেই এনসিপির প্রতি অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। আমরা একটি সুসংগঠিত রাজনৈতিক দল গড়ে তুলতে চাই, যা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে, কর্মসংস্থান নিশ্চিত করবে, বৈষম্য দূর করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
নাহিদ ইসলাম দাবি করেন, সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে এনসিপির নেতৃত্বে দেশের সাধারণ মানুষ আবারও তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হবে। নবযোগদানকারীরাও দেশ ও মানুষের অধিকার রক্ষায় এই রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, ইসহাক সরকারকে শিগগিরই ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হতে পারে।
মন্তব্য করুন