বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘৮৫ হাজারে মালয়েশিয়ায় লোক পাঠানোর কথা বলায় সিন্ডিকেট হুমকি দিচ্ছে’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১০:০২ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ৮৫ হাজার টাকা খরচ করে মালয়েশিয়ায় লোক পাঠাতে হবে এমন দাবি তুলেছিলাম সংসদে। এই কারণে অনেক সিন্ডিকেট আমার বিরুদ্ধে খেপে গিয়ে হুমকি দিচ্ছে। জনগণের পক্ষে কথা বলতে গিয়ে সিন্ডিকেটের কোনো হুমকির তোয়াক্কা করবো না, ইনশাআল্লাহ।

বুধবার (১ জুলাই) জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় বিরোধী দলীয় নেতা এসব কথা বলেন।

প্রবাসীদের পক্ষে সব সময় জোরালো বক্তব্য রাখার প্রত্যয় ব্যক্ত করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, আমরা এই দাবি ইনশাআল্লাহ জোরালোভাবে উত্থাপন করব সংসদে। প্রবাসীদের ভোগান্তি নিয়ে আমরা কথা বলেছি, আপনারা দেখেছেন। আজকে খবর পেলাম যে একদল আমার বিরুদ্ধে খেপে গেছে। আমি কেন বললাম মালয়েশিয়ায় ৮৫ হাজার টাকায় লোক পাঠাতে হবে। দালালদের আইনের আওতায় আনতে হবে। আমি কি দালালের কোনো তালিকা দিয়েছি? আপনাদের জানা মতে আমি কি কোনো সংস্থার কথা বলেছি? জানা মতে বলিনি, তাহলে কিছু লোকের গায়ে এত কষ্ট লাগে কেন?

তিনি আরও বলেন, এই সিন্ডিকেট শুধু মালয়েশিয়ায় নয়। সারা বিশ্বেই আমাদের এই গরীব লোকগুলোকে নিঃস্ব করে দেওয়া হয়। এরপরে তারা প্রতারিত হয়। সেখানে গিয়ে আবার দেখা যায় যে তার ওই ভ্যালিডিটিটাও নাই। জেলে থাকে। তা আমরা কি এগুলো নীরবে হজম করব? দেখতে থাকবো? না। এগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা কী করতে পারবো? আমরা সংসদের ভেতরে চিৎকার দেবো। আওয়াজ তুলবো। বাইরেও আপনাদের সঙ্গে নিয়ে আলোচনা করবো।

মুদি দোকানের কর প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, প্রান্তিক ব্যবসায়ী মুদি দোকানদাররা গরীব মানুষ। তাদের উপরে উৎসে বা অগ্রিম কর আরোপ করা হয়েছিল। মানে প্রস্তাবনা এসেছিল। আমরা তার বিরুদ্ধে কথা বলেছি। এটাও আউট হয়ে গেছে। এর বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল।

অর্থবছর প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা বলেন, আমরা অর্থ বছর পরিবর্তনের কথা বলেছি। আমাদের দেশে একটা দানব আছে, উন্নয়নের দানব। এটা নয় মাস কাঁথা মুড়ি দিয়ে ঘুমায়। শেষের তিন মাস গা ঝাড়া দিয়ে চলে আসে। এসে ঝড়ের গতিতে কাজ শুরু করে। বৃষ্টি ঝড়ে জনগণের টাকা পানির সঙ্গে মিশে যায়। কেন এটা করতে হবে তার কোনো যৌক্তিকতা নেই। আমরা বলেছিলাম, আমাদের আবহাওয়া এবং সিজন অনুযায়ী এটা হোক জানুয়ারির এক থেকে ডিসেম্বরের ৩১। তাহলে অন্তত শেষ তিন মাসে দৈত্য ঘুম ভাঙলেও আমাদের সম্পদ পানিতে পানি হয়ে ভেসে যাবে না।

তিনি আরও বলেন, আপনারা দেখেছেন, বিদেশ থেকে সাইকেলের ক্ষুদ্র যন্ত্রাংশের উপরে একটা ভালো ট্যাক্স আরোপের প্রস্তাব এসেছে। আমরা এটা তুলে দিতে বলেছিলাম। অর্থমন্ত্রী তার সমাপনী বক্তব্য বললেন যে সুনির্দিষ্ট প্রস্তাব পেলে ভালো হতো। আমরা প্রস্তাব দিয়েছি।

আমীরে জামায়াত বলেন, তৃতীয় বিশ্বের একটি দেশ হিসেবে আমরা এখনও আমাদের অর্থনীতিকে একটি সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে পারিনি। এর কারণ কিন্তু আমাদের সম্পদের অভাব নয়; বরং মূল কারণ হচ্ছে দূরদর্শী ভিশন ও সততার অভাব। একটি জাতি স্বাধীনতার ৫৫ বছরে কোথায় গিয়ে পৌঁছাবে, তা শুধু জনগণ একা নির্ধারণ করে না। জনগণ যাদের ম্যান্ডেট দিয়ে নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, সেই নেতৃত্বের ওপরই মূলত এ সুদূরপ্রসারী দায়িত্ব বর্তায়।

তিনি অভিযোগ করেন, গত সাড়ে ১৫ বছরে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। দুর্নীতি দমন ও বাস্তবায়ন ব্যবস্থায় মৌলিক সংস্কার ছাড়া বাজেটের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না।

তিনি আরও বলেন, বাজেটে ৬১টি পণ্যের ওপর কর কমানো বা প্রত্যাহার করা হয়েছে। এখন দেখা দরকার এর সুফল বাজারে প্রতিফলিত হয় কি না। অন্যথায় জনগণের পরিবর্তে সিন্ডিকেটই লাভবান হবে।

সাবেক আমীরে জামায়াত অধ্যাপক গোলাম আযম প্রথম কেয়ারটেকার সরকার ফর্মুলা জাতির সামনে উপস্থাপন করেছিলেন উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান বিরোধী দল শুরু থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিল। পরবর্তীতে গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কারের যে জনমত সৃষ্টি হয়, তার পূর্ণ বাস্তবায়ন হওয়া উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।

তার দাবি, জনগণের দেওয়া সংস্কারের ম্যান্ডেট বাস্তবায়নে সরকারি দলের অবস্থান পরিবর্তনের ফলে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, সংসদের ভেতরে বক্তব্য দেওয়ার সুযোগ সীমিত হওয়ায় বিরোধী দল জনগণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে তাদের সব কর্মসূচি হবে শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও অহিংস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
England VS Congo DR
81'
1 - 1
75' Harry Kane
7' Brian Cipenga
World Cup