

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর সদরঘাটে লঞ্চ সংঘর্ষে এক তরুণের মৃত্যু এবং বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বহু যাত্রী আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৯ মার্চ ২০২৬ এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এই শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি সদরঘাটে নিহত মো. সোহেলের (২২) মৃত্যুকে অত্যন্ত হৃদয়বিদারক বলে অভিহিত করেন। তিনি বলেন, এমন মর্মান্তিক দৃশ্য সহ্য করা কঠিন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। একইসাথে তিনি নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের আশু আরোগ্য কামনা করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সাম্প্রতিক এই দুর্ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দেশের পরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবহেলা এবং দুর্বল তদারকিরই প্রতিফলন। নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মৌলিক দায়িত্ব হলেও সাধারণ মানুষের সেই অধিকার এখনো নিশ্চিত হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পবিত্র ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও যাত্রীচাপ বেড়েছে, যা ছিল পূর্বানুমেয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা যাচ্ছে, পরিবহন ব্যবস্থায় প্রয়োজনীয় প্রস্তুতি ও তদারকি নিশ্চিত করা হয়নি। সড়কে অতিরিক্ত ভাড়া আদায় এবং চাঁদাবাজির মতো সমস্যাগুলোর বিরুদ্ধে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।
বিবৃতিতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব দুর্ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইসঙ্গে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ভাড়া নিয়ন্ত্রণ এবং সড়কে চাঁদাবাজি বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া জরুরি।
পরিশেষে তিনি বলেন, আসন্ন ঈদযাত্রার বাকি দিনগুলোতে এবং ঈদের ফিরতি যাত্রায় ফায়ার সার্ভিস, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মহাসড়ক বিভাগ ও স্থানীয় সরকারের সমন্বিত প্রচেষ্টায় যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানান তিনি। তিনি মহান আল্লাহর কাছে নিহতদের মাগফিরাত এবং আহতদের দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করেন।
মন্তব্য করুন
