শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটজুড়ে ‘ওয়েলকাম আওয়ার দাদু’ ব্যানার-ফেস্টুন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৬ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সিলেট নগরের ব্যস্ত মোড়গুলোতে হঠাৎ নজর কাড়ছে ব্যতিক্রমী ব্যানার ও ফেস্টুন। কয়েকদিন ধরে নজরে পড়ছে—‘ওয়েলকাম আওয়ার দাদু’ এবং ‘উইন্টার ইজ কামিং’ লেখা নানা ব্যানার, যেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছবি ব্যবহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা পয়েন্টসহ গুরুত্বপূর্ণ স্থানে বৈদ্যুতিক খুঁটি ও অন্যান্য স্থাপনায় এসব ফেস্টুন ঝুলতে দেখা যায়। নকশা ও উপস্থাপনায় স্পষ্টভাবে জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর সংলাপ ‘উইন্টার ইজ কামিং’ থেকে অনুপ্রাণিত করা হয়েছে।

ব্যানার ও ফেস্টুনে ডা. শফিকুর রহমানকে গেম অব থ্রোনসের চরিত্র জন স্নোরের মতো দেখানো হয়েছে। হাতে তার কাছে তলোয়ারের মতো দাঁড়িপাল্লা, পেছনের ব্যাকগ্রাউন্ডে তুষার, নেকড়েসহ শীতল আবহের প্রতীকী দৃশ্য ব্যবহার করা হয়েছে।

ফেস্টুনের নিচে আগামী ৭ ফেব্রুয়ারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য জনসভার তথ্যও উল্লেখ করা হয়েছে। বিভিন্ন ফেস্টুনে লেখা রয়েছে—‘আওয়ার দাদু ইজ কামিং’, ‘ওয়েলকাম, আওয়ার দাদু ইজ দ্য নেক্সট পিএম, ইনশা-আল্লাহ’, ‘উইনটার ইজ কামিং’ ইত্যাদি।

জানা গেছে, ওই দিন নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সিলেটে সফর করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নগরজুড়ে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রচারণা চালানো হলেও বিশেষ নকশার ফেস্টুনগুলো নিয়ে দলীয়ভাবে ভিন্ন অবস্থান নিয়েছে জামায়াত।

সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তারা জানলেও এগুলো দলীয় উদ্যোগ নয়। তিনি বলেন, “শুনেছি কিছু তরুণ এগুলো লাগিয়েছে। দলের কোনো সরাসরি সম্পৃক্ততা নেই।”

এর আগে, একই ধরনের ব্যানার চট্টগ্রাম নগরীতেও দেখা গেছে। বড়পোল ও চকবাজার এলাকায় গেম অব থ্রোনসের আদলে তৈরি ফেস্টুন ঝুলতে দেখা গেছে।

গেম অব থ্রোনস সিরিজে ‘উইন্টার ইজ কামিং’ মূলত স্টার্ক পরিবারের নীতিমালা হিসেবে ব্যবহৃত হতো। এটি বিপদ, সংকট বা কঠিন সময়ের প্রতি সতর্ক থাকার বার্তা বহন করে। রাজনৈতিক প্রচারণার ভাষায় এই জনপ্রিয় স্লোগান ব্যবহারের কারণে ভিন্ন ধরনের আবহ তৈরি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X