

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর ধানমণ্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীর ওপর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হামলা ও লাঞ্ছনার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (২৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, সকালে ধানমণ্ডি-৩২ এলাকায় ‘দৈনিক সকাল’-এর মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির, ‘যমুনা টেলিভিশন’-এর সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী এবং ‘কালবেলা’র সংবাদকর্মী আব্দুর রহমান ইশানসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা করে।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাস্থলে উপস্থিত আরও প্রায় ২০ থেকে ২৫ জন সংবাদকর্মীও জামায়াত নেতাকর্মীদের এই হামলার মুখে পড়েন এবং লাঞ্ছিত হন।
যৌথ বিবৃতিতে রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছির বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করা এবং সাংবাদিকদের ওপর হামলা চালানো যেকোনো স্বাধীন, গণতান্ত্রিক ও সভ্য সমাজের পরিপন্থী।
ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, বিরোধী দলে থাকতেই জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা প্রকাশ্য দিবালোকে কর্তব্যরত সাংবাদিক মাহফুজুর রহমান শিশির, রাব্বী সিদ্দিকী ও আব্দুর রহমান ইশানসহ প্রায় ২৫ জন সংবাদকর্মীর ওপর যেভাবে সন্ত্রাসী কায়দায় আক্রমণ ও লাঞ্ছনা চালিয়েছে, তা অত্যন্ত আশঙ্কাজনক।
ছাত্রদলের এই দুই নেতা আরও বলেন, এই ঘটনা প্রমাণ করে যে তারা ভিন্নমত সহ্য করতে পারে না এবং দেশকে একটি উগ্র, অসহিষ্ণু ও ফ্যাসিবাদী কাঠামোর দিকে ঠেলে দিতে চায়।
বিবৃতিতে তারা বলেন, পেশাদার গণমাধ্যমকর্মীদের ওপর এই বর্বরোচিত হামলার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হয়েছে, এই স্বাধীনতাবিরোধী মৌলবাদী অপশক্তি এখনো বহুদলীয় গণতন্ত্র, মানবাধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতায় ন্যূনতম বিশ্বাস রাখে না। একটি স্বাধীন রাষ্ট্রে সাংবাদিকদের ওপর এমন সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ছাত্রদল নেতারা বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই গণতন্ত্র, মুক্তচিন্তা এবং সংবাদমাধ্যমের অবাধ স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে। অতীতেও ছাত্রদল মুক্ত গণমাধ্যমের পক্ষে আপসহীন ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও যেকোনো উগ্র ও ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকবে।
বিবৃতিতে তারা অবিলম্বে ধানমণ্ডি-৩২ নম্বরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলায় জড়িত জামায়াত নেতাকর্মীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে আহত সকল গণমাধ্যমকর্মীর আশু সুস্থতা কামনা করে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।