

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ নির্দেশনা জারি করা হয়।
মোতায়েনকৃত জেলাগুলো হলো—ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুর।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী (২৩ জুন) সামনে রেখে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোতায়েনকৃত সেনাসদস্যরা আগামী ৩০ জুন পর্যন্ত মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাঠে নেমে নিজেদের অবস্থান জানান দেয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানিয়েছে।
সেই প্রেক্ষিতে পুলিশ, র্যাবসহ বিভিন্ন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা সদস্যরাও মাঠে থাকবে। আওয়ামী লীগ যাতে মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে; সেজন্য বাহিনীগুলো ইতোমধ্যেই সতর্ক অবস্থান নিয়েছে।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরে গেল দুদিন আগে থেকেই সন্দেহভাজনদের তল্লাশী করা হচ্ছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের আটক করা হচ্ছে। যদিও এর মাঝেও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে বলে নানা সংবাদ মাধ্যমে খবর আসছে।
